এবার কপে বেশি তরুণ আসায় জলবায়ু অধিকার আদায়ে বাংলাদেশের শক্তি বেড়েছে: সিয়াম
সাঈদুর রহমান সিয়াম। বাংলাদেশের একজন তরুণ জলবায়ু অধিকারকর্মী। তিনি তারুণ্যভিত্তিক সংগঠন ব্রাইটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বিশ্ব জলবায়ু সম্মেলনে গ্লোবাল নর্থকে দূষণ কমানো এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায়ে বাধ্য করতে বৈশ্বিক বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি এই তরুণ। পাশাপাশি বাংলাদেশের জলবায়ুজনিত দুর্যোগের কথা তুলে ধরছেন বিশ্বদরবারের নানা সভা-সেমিনারে।
তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের তরুণদের অবদান নিয়ে বাংলাভিশনের সঙ্গে কথা বলেছেন সাঈদুর রহমান সিয়াম। সাক্ষাৎকার গ্রহণ করেছেন কপ-৩১-এর সংবাদ সংগ্রহে আনতালিয়ায় অবস্থানকারী বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল।

কেফায়েত শাকিল: এবারের কপ সম্মেলনে বাংলাদেশ থেকে অনেক তরুণ এসেছেন। এটি নিয়ে নানা সমালোচনাও হচ্ছে যে, এত তরুণ এসে কী লাভ! কেউ কেউ বলছেন, অনেক বছর ধরে জলবায়ু নিয়ে কাজ করেও তারা আসতে পারলেন না, অথচ তরুণরা যাচ্ছেন। আপনার কী মনে হয়, তরুণরা কি এখানে অপ্রয়োজনে আসছেন?
সিয়াম: এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। আমার মনে হয়, এই অংশগ্রহণ তাদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতের নেতৃত্বের উৎকর্ষ সাধনে বড় ভূমিকা রাখবে। প্রথমত, কপ-৩১ একটি শেখারও জায়গা। প্রথমবার যারা আসবেন, তাদের সবাইকে শুরুতেই বড় কোনো ভূমিকা রাখতে হবে- বিষয়টি তেমন নয়। শুরুতে তাদের শিখতে হবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আসলে কী হয়। এখান থেকে তারা জাতিসংঘের নিয়মনীতি, বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ও সাইড ইভেন্ট আয়োজনের প্রক্রিয়া এবং সরকারি-বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ, এনজিও ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নেটওয়ার্কিং তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছেন। প্রথমবার শিখে পরের বার তারাই কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাছাড়া সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে আমার মনে হয়েছে, এবার আমাদের তরুণরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা বিভিন্ন বৈশ্বিক আন্দোলনে অংশ নিয়ে বাংলাদেশের জলবায়ু দাবিগুলো সরাসরি আন্তর্জাতিক বিশ্বের সামনে তুলে ধরেছেন। দেশে কোনো আন্দোলন করলে তা কেবল আমাদের সরকারের কাছে পৌঁছায়, কিন্তু এখানে আন্দোলন হলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পায় এবং সব দেশের রাষ্ট্রপ্রধানরা বুঝতে পারেন তাদের ওপর চাপ রয়েছে। নানা অ্যাকশন পয়েন্টে অ্যাডভোকেসি ও আন্দোলন চলছে। তাই তরুণদের এই উপস্থিতি তিন দিক থেকে ইতিবাচক- তারা বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখছেন, আন্তর্জাতিক নেটওয়ার্কিং তৈরি করছেন এবং সম্মেলনকেও কার্যকর করে তুলছেন।
কেফায়েত শাকিল: বাংলাদেশ থেকে তো অনেক মানুষ এই সম্মেলনে এসেছেন। আপনার চোখে তরুণরাই কি সবচেয়ে বেশি সময় নষ্ট করেছেন বা ঘুরেফিরে বেড়িয়েছেন, নাকি অন্যদের মধ্যেও এমন প্রবণতা ছিল?
সিয়াম: আমি তরুণদের ওভাবে ঘুরেফিরে বেড়াতে দেখিনি। তবে এই সম্মেলনে অনেকেই আসেন, যাদের বড় একটি উদ্দেশ্য থাকে ঘুরতে আসা এবং সম্মেলনটি তাদের জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু সবার চিন্তা এক রকম নয়। আমি আমাদের অধিকাংশ তরুণকেই দেখেছি অত্যন্ত মনোযোগের সঙ্গে বিভিন্ন সেশন, সাইড ইভেন্ট, বাংলাদেশ সরকারের কার্যক্রম এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে অংশ নিতে। এর বাইরে নাগরিক সমাজ কিংবা গণমাধ্যম থেকেও অনেকে এসেছেন, তাদের মধ্যেও কেউ কেউ ঘুরতে গেছেন। তবে গুরুত্বপূর্ণ হলো কারা গুরুত্বসহকারে সম্মেলনে অংশ নিচ্ছেন। আমার কাছে মনে হয়েছে, আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে সম্মেলনে কাজ করা মানুষের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি।
কেফায়েত শাকিল: তরুণ হিসেবে কোন কোন জায়গায় আপনাদের ভূমিকা রাখার সুযোগ হয়েছে? বিশেষ করে এবারের বৈশ্বিক আন্দোলন বা প্রটেস্টগুলোতে বাংলাদেশিদের উপস্থিতি কেমন ছিল, অন্য বছরের তুলনায় বেশি না কম?
সিয়াম: এবার তরুণদের অংশগ্রহণ ছিল প্রবল। আমি যতগুলো আন্দোলনে অংশ নিয়েছি, প্রায় সব জায়গাতেই বিদেশিরা আমাকে জিজ্ঞেস করেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি কি না। হ্যাঁ বলার পর তারা বলেছেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছে। অর্থাৎ আন্তর্জাতিক মহলও স্পষ্টভাবে দেখেছে যে বাংলাদেশের তরুণরা বিপুল সংখ্যায় আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের পক্ষে দাবি আদায়ের আন্দোলনের শক্তি আরও বেড়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকেই এবার তরুণদের অংশগ্রহণ বেড়েছে। এর ফলে সম্মেলনটি আরও জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত হয়েছে, সম্পৃক্ততা বেড়েছে এবং বিশ্বনেতাদের ওপর চাপও বেড়েছে।
কেফায়েত শাকিল: আমাদের সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নিতে যায়, তরুণদের এই উপস্থিতি বা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ কি তাদের ওপরও চাপ তৈরি করে?
সিয়াম: তরুণরা শুধু আন্তর্জাতিক পরিসরেই নয়, বাংলাদেশ সরকারও কোনো ভুল পদক্ষেপ নিতে গেলে সেখানে চাপ তৈরি করে। এত বড় তরুণ জনগোষ্ঠী ও নাগরিক সমাজের সরব উপস্থিতি সরকারকে আরও বেশি সতর্ক রাখে। সরকারের যেকোনো ভুল পদক্ষেপ তরুণরা সমালোচনার চোখে দেখবে, এই বিষয়টি সরকারকে দায়বদ্ধ রাখে এবং আরও সক্রিয় ও আন্তরিকভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সহায়তা করে।
কেফায়েত শাকিল: যারা এবার কপে আসতে পারেননি, কিন্তু সামনে আসতে চান, তাদের কী ধরনের প্রস্তুতি থাকা উচিত, যাতে কেউ মনে না করে তারা অযথা আসছেন?
সিয়াম: তরুণরা কপে আসতে চাইলে তাদের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকা খুব জরুরি। সম্মেলনে আসলে কী হয়, কোন কোন বিষয় ও নেগোসিয়েশন ট্র্যাক নিয়ে আলোচনা হয় এবং সেগুলোর সর্বশেষ অগ্রগতি কী, সম্মেলনে আসার আগেই তরুণদের এগুলো নিয়ে বিশদভাবে জানতে ও আলোচনা করতে হবে।
কেফায়েত শাকিল: তরুণ-বয়স্ক মিলিয়ে বাংলাদেশ থেকে এবার যে বড় জনবল এসেছে, তাদের কি দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব ছিল?
সিয়াম: আমাদের তরুণদের মধ্যে যে আগ্রহ রয়েছে, তাদের দক্ষ করে তুলতে পারলে তা দেশের জন্য বহু দিক থেকে বড় ভূমিকা রাখবে। এখান থেকে অনেক তরুণ গ্রিন এন্টারপ্রেনার বা সবুজ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, গ্রিন স্কিল ডেভেলপ করতে পারবেন এবং আন্তর্জাতিক নেগোসিয়েশনগুলোতে যুক্ত হতে পারবেন। অনেকের জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করার সুযোগ তৈরি হবে, যা কর্মসংস্থানও বাড়াবে। অর্থাৎ দক্ষতা উন্নয়নের পাশাপাশি এই তরুণরা আমাদের দেশের জন্য একটি বড় সম্পদ হিসেবে কাজ করছেন।
কেফায়েত শাকিল: শুধু তরুণদের কথা বলছি না, এবার বাংলাদেশ থেকে যারা কপে এসেছেন, রাষ্ট্র ও এনজিওগুলো চাইলে কি সবাইকে কাজে লাগানো সম্ভব ছিল? সবাইকে কাজে লাগাতে পারলে আমাদের শক্তি কি আরও বড় হতো?
সিয়াম: আমার মনে হয়, কপে আমাদের যে কার্যক্রমগুলো হয়, সেখানে সবার শতভাগ অংশগ্রহণ আমরা যথাযথভাবে নিশ্চিত করতে পারিনি। তরুণ, নাগরিক সমাজ এবং সরকার, সব পক্ষ থেকেই যদি আরও ভালো প্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের নিয়ে আসা হতো এবং সম্মেলনে আসার পর সরকারি ও বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের আরও বেশি সম্পৃক্ত করা যেত, তবে আমাদের অংশগ্রহণ আরও অনেক বেশি কার্যকর হতো। কারণ অনেক তরুণ ও নতুন সংগঠন এবার প্রথমবারের মতো অংশ নেওয়ায় শুরুতে কার্যক্রম বুঝে উঠতে পারেনি। যদিও দীর্ঘদিন ধরে অংশ নেওয়া অনেক অভিজ্ঞ সংগঠন তাদের পথ দেখিয়েছে, তবুও সমন্বয় ও প্রস্তুতি আরও ভালো হলে আমাদের শক্তি নিঃসন্দেহে আরও বড় হতো।
বিভি/কেএস/বিএস/টিটি













মন্তব্য করুন: