• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

২০৭০ নাগাদ ভারতে কমবে হিন্দু জনগোষ্ঠীর অনুপাত, বাড়বে মুসলিম

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২০৭০ নাগাদ ভারতে কমবে হিন্দু জনগোষ্ঠীর অনুপাত, বাড়বে মুসলিম

আগামী পাঁচ দশকে ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। পূর্বাভাস বলছে, এই সময়ের মধ্যে দেশটিতে মোট জনসংখ্যায় হিন্দুদের অনুপাত কমবে, অন্যদিকে বাড়বে মুসলমানদের অংশ। তবে মুসলিম জনসংখ্যা বাড়লেও তখনও ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশই থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

গবেষণা বলছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ শতাংশ ছিল হিন্দু। ২০৭০ সালে তা কমে ৭৬ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে। বিপরীতে, মুসলিম জনসংখ্যার অনুপাত ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের পেছনে ধর্মান্তরের চেয়ে বড় ভূমিকা রাখছে দুই সম্প্রদায়ের বয়সের কাঠামো ও সন্তান জন্মদানের হারের পার্থক্য। ২০২০ সালে ভারতীয় মুসলমানদের মধ্যম বয়স ছিল ২৪ বছর, হিন্দুদের ২৯ বছর। অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তরুণের সংখ্যা তুলনামূলক বেশি।

পিউর হিসাব অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার হতে পারে ২ দশমিক ৩। হিন্দু নারীদের ক্ষেত্রে তা ১ দশমিক ৮। তবে ভবিষ্যতে দুই সম্প্রদায়ের মধ্যে এই পার্থক্য আরও সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে আগামীতে হিন্দু জনসংখ্যার অনুপাত কমলেও হিন্দুদের মোট সংখ্যা কমবে না। বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। 

গবেষণায় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি উল্লেখযোগ্য পূর্বাভাস রয়েছে। ২০৭০ সাল নাগাদ পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। দেশটিতে মুসলমানের সংখ্যা দাঁড়াতে পারে ৪৬ কোটি ১০ লাখে। একই সময়ে ভারতে ৩৩ কোটি ৪০ লাখ এবং বাংলাদেশে ২১ কোটি ৮০ লাখ মুসলমান থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করেছে পিউ। এতে বয়স, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে। তবে গবেষণাটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে সম্ভাব্য চিত্র কী হতে পারে, সেটিই তুলে ধরেছে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত