ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়ে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুরে এ ঘটনা ঘটে। এসময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়েছে।
সাদিক কায়েমের বাবা মোঃ আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। এ ঘটনায় তারা আতঙ্কিত।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণের খবর শুনে তাদের আর যেতে হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তিনি এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করেন।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি আরও লেখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।’
পোস্টের শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’
বিভি/এইচএমপি/এআই













মন্তব্য করুন: