কপ৩১: বাড়তি সময়েও হয়নি সমঝোতা, বসলো চূড়ান্ত প্লেনারি অধিবেশন
ছবি: আলজাজিরা
নির্ধারিত সময় পেরিয়ে দুই দিন অতিরিক্ত আলোচনা চললেও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার এবং জলবায়ু অভিযোজনের অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতবিরোধ কাটেনি। রবিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয় চূড়ান্ত প্লেনারি অধিবেশন।
সম্মেলনের সর্বশেষ খসড়া সিদ্ধান্তে কয়লা, তেল ও গ্যাস থেকে উত্তরণের সুস্পষ্ট প্রতিশ্রুতি রাখা হয়নি। কেবল কপ২৮-এর জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, পানামা ও কয়েকটি দ্বীপরাষ্ট্র আপত্তি জানিয়েছে। পানামা তেল উৎপাদনে সীমা নির্ধারণেরও দাবি তুলেছে।
অন্যদিকে, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের ভিত্তি ও সময়সীমা নিয়েও অচলাবস্থা রয়েছে। সর্বশেষ খসড়ায় অভিযোজন অর্থায়নের ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ পড়ার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। কার্বন ক্যাপচার প্রযুক্তি সম্প্রসারণ এবং ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবও রয়েছে খসড়ায়।
এদিকে, সম্মেলনের সম্ভাব্য সিদ্ধান্তকে জলবায়ু ন্যায়বিচারের জন্য বড় ব্যর্থতা হিসেবে দেখছেন দক্ষিণ এশিয়ার জলবায়ু অধিকারকর্মীরা।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত না করে ধনী দেশগুলো তাদের ঐতিহাসিক দায় এড়িয়ে যাচ্ছে। এতে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। তার মতে, এমন সিদ্ধান্তের চেয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হওয়া ভালো।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের অবস্থানেও দ্বিচারিতা রয়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের কথা বললেও জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থায়নের দায়িত্ব নিতে তারা পিছিয়ে যাচ্ছে। কপ৩১-এর ব্যর্থতার পর জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য ক্ষতিপূরণ ও জীবাশ্ম জ্বালানির অবসানের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম অবশ্য জানিয়েছেন, দেশগুলোর মধ্যে মতপার্থক্য কমে আসছে। তবে চূড়ান্ত প্লেনারিতেও সমঝোতা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুই দিন অতিরিক্ত আলোচনার পরও এসব প্রশ্নে অগ্রগতি না হওয়ায় কপ৩১-এর অর্জন নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: