দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: দুদক চেয়ারম্যান
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেছেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন। রবিবার (২২ নভেম্বর) দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। এর মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার হয়েছে।
তিনি বলেন, বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন বড় ধরনের দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দুদককে একটি আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হয়। আর এসব কার্যক্রম সংঘটিত হয় করপোরেট হাউস ও ব্যাংকের মাধ্যমে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন।
সভাপতির বক্তব্যে দুদক সচিব বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে। এ ছাড়া এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। এর ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান বাড়বে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১-এর পরিচালক মো. আতিকুল আলম।
এর আগে কমিশনের চেয়ারম্যান, দুই কমিশনার ও সচিব দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: