• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কপ৩১ ব্যর্থ হলে

‘জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানির অবসানের দাবিতে বৈশ্বিক আন্দোলন আরও জোরদার করা হবে’

কেফায়েত শাকিল, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ২২:০১, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৭, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানির অবসানের দাবিতে বৈশ্বিক আন্দোলন আরও জোরদার করা হবে’

শরীফ জামিল। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের পরিবেশ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এখন লড়ছেন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত গ্লোবাল সাউথের (বৈশ্বিক দক্ষিণাঞ্চল) মানুষের অধিকার আদায়ে। জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য ক্ষতিপূরণ এবং জীবাশ্ম জ্বালানির অবসানের দাবিতে প্রতিনিয়ত বৈশ্বিক বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এই পরিবেশকর্মী। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-কে বিশ্বের দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করে সম্মেলন ব্যর্থ হলে বিশ্বব্যাপী আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তুরস্কের আনতালিয়ায় নির্ধারিত সময় পেরিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে জলবায়ু সম্মেলন। কিন্তু এখনো জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার এবং জলবায়ু অভিযোজনের অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। এমন পরিস্থিতিতে বাংলাভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন শরীফ জামিল।

তিনি বলেন, জলবায়ু সম্মেলনে এখন পর্যন্ত গৃহীত সিদ্ধান্তগুলো জলবায়ু ন্যায়বিচার এবং বিশেষ করে বাংলাদেশসহ বিশ্বের দক্ষিণাঞ্চলের মানুষের স্বার্থের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার পরিবর্তে ধনী দেশগুলো আবারও তাদের ঐতিহাসিক দায় ও দায়িত্ব এড়িয়ে গেছে। পূর্ববর্তী সম্মেলনগুলোর সামান্য অর্জনও দুর্বল করা হয়েছে। পাশাপাশি মিথ্যা সমাধানের আড়ালে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করার সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিজ্ঞান ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা বজায় রাখার পক্ষে অবস্থান নিলেও ধনী দেশগুলোর নিষ্ক্রিয়তা বিশ্বকে ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের মতো স্বল্প দায়ী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষকে। জলবায়ু সংকটের দায় বৈশ্বিক দক্ষিণের ওপর চাপিয়ে দেওয়ার এই অন্যায় মেনে নেওয়া হবে না।

শরীফ জামিল বলেন, কপ৩১-এর ব্যর্থতার পর জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য ক্ষতিপূরণ এবং জীবাশ্ম জ্বালানির অবসানের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে। এমন সিদ্ধান্ত হওয়ার চেয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হওয়া ভালো।

সম্মেলনের মূল সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে দ্বিচারিতাপূর্ণ বলে মনে করেন শরীফ জামিল। তার মতে, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের কথা বললেও জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় জলবায়ু অর্থায়নের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তথাকথিত সমাধানের আড়ালে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করার সুযোগ তৈরি করছে।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত