জুলাইয়ে শত শত পুলিশ ও অন্তঃসত্ত্বা হত্যার গুজব আবার ছড়ালেন ফজলুর রহমান
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারিত দুটি গুজব ছিল- আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হাতে ‘শত শত পুলিশ সদস্য নিহত’ হয়েছেন এবং ‘এক অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্যকে হত্যা’ করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ফ্যাক্টচেকিং সংস্থা এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও এসব তথ্য গুজব বলে প্রমাণিত হয়েছে। কিন্তু এমন তথ্যই আবারও প্রচার করেছেন বিএনপির নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শত শত পুলিশ সদস্য এবং এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার গুজব আবার ছড়ান তিনি।
গতকাল ২১ নভেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্রে’ ‘অন্যরা সন্ত্রাস করলেও তাদের কেন ধরা হচ্ছে না?’ শিরোনামে ২৯ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওর ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে ফজলুর রহমানকে এসব দাবি করতে শোনা যায়।
সেখানে তিনি বলেন, “আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।”
তিনি আরও বলেন, “থানা পুড়াইয়া দেন পুলিশ মাইরা ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায় চলছে মুকসেদপুরে চলছে। তাহলে শিক্ষাটা কে দিছিল? থানা পুড়াইয়া পুলিশ পুড়াইয়া। তারা (আওয়ামী লীগ) তো পুলিশ অন্তত মারে নাই। আপনারা তো পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিছেন মাইরা ফেলছেন ঝুলাইয়া রাখছেন।”
তবে ফজলুর রহমানের বক্তব্যে উল্লিখিত অন্তত দুটি দাবির সঙ্গে প্রকাশিত তথ্য-প্রমাণের মিল নেই। এর আগেও তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন।
২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ‘দ্য ন্যাশনাল জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘৫ই আগস্ট পুলিশ হত্যা বিচার চাইলেন: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান’ শিরোনামে প্রকাশিত ভিডিওতেও শত শত পুলিশ সদস্য হত্যার দাবি করেন তিনি।
ওই ভিডিওতে ফজলুর রহমান বলেন, “আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পুলিশ, আমাকে বাবারা তোরা মারিস না। যে শত শত পুলিশকে মারা হলো, যে পুলিশেরা মারা গেল তারা কি কুত্তা মারা গেল? তারা কি দেশের কুকুর ছিল? তাদের কি মা ছিল না? বাবা ছিল না? তাদের কি সন্তান এখন কান্দে না? তাদের সন্তান এতিম হয় নাই?”
‘শত শত পুলিশ নিহতের’ দাবিটি মিথ্যা
পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন। ওই বছরের ১৮ আগস্ট নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। পরে ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একই তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় নিহত ৪৪ পুলিশ সদস্যের নাম, পদবি, কর্মস্থল ও মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়। সে সময় পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশ সদস্য নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। প্রকাশিত তালিকার বাইরে অন্য কোনো পুলিশ সদস্য নিহত হয়ে থাকলে তাঁর তথ্য ও প্রমাণ দেওয়ার আহ্বানও জানানো হয়।
এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল, ৫ আগস্ট দুপুর থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশে হাজারো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।
তবে পরদিন, ১৫ অক্টোবর ‘আজকের পত্রিকা’র এক ফ্যাক্টচেক প্রতিবেদনে দাবিটিকে অসত্য হিসেবে চিহ্নিত করা হয়। একইভাবে দ্য ডিসেন্ট, রিউমর স্ক্যানার ও ফ্যাক্টওয়াচসহ একাধিক ফ্যাক্টচেকিং সংস্থাও ‘শত শত পুলিশ হত্যার’ দাবির সত্যতা পায়নি।
‘অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য হত্যার’ দাবিও গুজব
২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন—এমন দাবি সে সময় আওয়ামী লীগপন্থী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়।
তবে ওই বছরের ১১ আগস্ট প্রকাশিত রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী ছিলেন না।
ওই সময় পৃথিবী চাকমা নামের এক নারী পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে তাঁকে ‘নিহত অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য’ হিসেবে প্রচার করা হয়েছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরও তিনি জীবিত ছিলেন এবং ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ২০২৫ সালের ৩১ জুলাই বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে ‘এনায়েতপুর থানার ১৫ জন পুলিশ হত্যার মামলা, গুজব ও পুলিশের গল্প’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। এতে এনায়েতপুর থানায় হামলার শিকার হয়েও বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য তুলে ধরা হয়।
ওই নারী কনস্টেবল জানান, হামলার সময় মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে দেখতে পান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনায়েতপুরে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ সদস্য নিহত হওয়ার যে গুজব ছড়িয়েছিল, তার পেছনে ছিল হামলার শিকার ওই নারী কনস্টেবলকে বাঁচানোর একটি ঘটনা।
ওই সময় এনায়েতপুর থানায় তিনজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তবে হামলার শিকার ওই নারী কনস্টেবল অন্তঃসত্ত্বা ছিলেন না। হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করতে এক পুলিশ সহকর্মী তাকে অন্তঃসত্ত্বা বলে পরিচয় দিয়েছিলেন।
বিবিসিকে ওই নারী কনস্টেবল বলেন, “পেটে ব্যথা থাকতে পারছিলাম না। সেজন্য পুলিশের একটা ভাইয়া বলছিল, ওর পেটে বাচ্চা আছে। ওইখানে যখন ভাইয়া বলছিল যে ওর পেটে বাচ্চা, তারা আমাকে বাঁচানোর জন্য বাইরের কয়েকটা ছেলে আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তিন-চারটা ছেলে। আসে তারা শুধু বলতেছিল, তাকে মেরো না, তার পেটে বাচ্চা আছে।”
তিনি আরও জানান, হামলাকারীদের মারধরের পর তাকে মৃত মনে করা হয়েছিল। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান। তার ভাষ্য অনুযায়ী, তাকে বাঁচানোর জন্য অন্তঃসত্ত্বা বলে পরিচয় দেওয়ার ঘটনাটি থেকেই গুজবের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এ ছাড়া ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রকাশিত ফ্যাক্টওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিও ছড়ানো হয়েছিল।
একই বছরের ২৮ ফেব্রুয়ারি ‘পুলিশ হত্যার বিচার দাবিতে ছড়াচ্ছে একাধিক এআই দিয়ে তৈরি ছবি’ শিরোনামে দ্য ডিসেন্টের প্রকাশিত এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ‘ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে’ ক্যাপশনে অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্যের ওপর হামলার যেসব ছবি প্রচার করা হয়েছে, সেগুলো এআই দিয়ে তৈরি।
সব মিলিয়ে, জুলাই গণঅভ্যুত্থানে ‘শত শত পুলিশ সদস্য’ এবং ‘অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য’ হত্যার যে দাবি ফজলুর রহমান আবারও করেছেন, প্রকাশিত সরকারি তথ্য, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্যাক্টচেকিং সংস্থার অনুসন্ধানে তার সমর্থনে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
বিভি/এজেড













মন্তব্য করুন: