• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রম পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রবিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছে সেখানকার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি মজুমদারহাট সীমান্ত ফাঁড়িতে যান। সেখানে বিজিবির দায়িত্ব পালন, সীমান্তের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম ঘুরে দেখেন।

সফরকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সীমান্ত এলাকা সফর করেন।

বিলোনিয়া সীমান্ত ফেনীর পরশুরাম উপজেলার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এ সীমান্ত দিয়ে বৈধ যাত্রী পারাপারের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করে বিজিবি। মহাপরিচালকের এ পরিদর্শনে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ও বিজিবির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সফরকালে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে। তবে পরিদর্শন শেষে মহাপরিচালকের পক্ষ থেকে ফেনীর সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

বিভি/ফেনী/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত