এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা: মাউশিকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন ও কার্যকরের প্রক্রিয়া দ্রুত শেষ করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
কমিটির রেজ্যুলেশন থেকে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, অনেক নারী শিক্ষককে নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে চাকরি করতে হচ্ছে। এতে তাদের পারিবারিক জীবনে নানা সংকট তৈরি হচ্ছে।
তার ভাষ্য, দূরবর্তী স্থানে চাকরির কারণে অনেক নারী শিক্ষকের সংসার ভেঙেছে, কেউ কেউ বিবাহবিচ্ছেদের শিকার হয়েছেন, আবার অনেকে চাকরি ছাড়তেও বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে নারী শিক্ষকদের জন্য সহায়ক একটি বদলি নীতি জরুরি ভিত্তিতে প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি তাদের সংস্থার আওতাভুক্ত নয়। বদলি ও এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য মাউশি ইতোমধ্যে বদলিসংক্রান্ত একটি সফটওয়্যারও তৈরি করেছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: