• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৯ হাজার ৮০০ প্রার্থীর নিয়োগ জট খুলতে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

প্রকাশিত: ১৮:২৪, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৯ হাজার ৮০০ প্রার্থীর নিয়োগ জট খুলতে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশ পাননি ৯ হাজার ৮০০-এর বেশি প্রার্থী। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব প্রার্থীর নিয়োগ জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন প্রাপ্তদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীদের বিষয়টি নিষ্পত্তি করতে চায় মন্ত্রণালয়।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আপাতত নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির চেয়ে ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, পরবর্তী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। নতুন পদ্ধতিতে আগের মতো নিবন্ধন সনদ দেওয়া হবে না; বরং সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এ কারণে পুরোনো নিবন্ধনধারীদের নিয়োগসংক্রান্ত জটিলতা আগে নিরসন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রথমে ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়টি সমাধান করা হবে। এরপর নবম বা ১৯তম শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হতে পারে। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: