দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আল সিয়াম
আসাদ আলম সিয়াম
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম। এর আগে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে গত ১৩ জুলাই আসাদ আলম সিয়ামের নাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব করেছিল বাংলাদেশ। পরে গত ২২ সেপ্টেম্বর তার নিয়োগের প্রস্তাবে সম্মতি জানায় ভারত।
গত ৩১ অক্টোবর আসাদ আলম সিয়ামের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মারা যান। এ কারণে নতুন কর্মস্থলে তার যোগদানে কিছুটা বিলম্ব হয়। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।
আসাদ আলম সিয়াম একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ সম্পন্ন করেন।
এ ছাড়া কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস এবং ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ কয়েকটি পেশাগত প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেছেন তিনি।
কর্মজীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় ও ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনে (ইউএন এসকাপ) বিকল্প স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া ঢাকার ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দফতরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। ২০২৫ সালের জুনে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: