প্রাণিসম্পদ খাত আরও আধুনিক করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রাণিসম্পদ খাত। এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক এ দেশে দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বৃদ্ধি করা সম্ভব।
তিনি বলেন, এমন বাস্তবতায় ২৬-২৮ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। প্রাণিসম্পদ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে একদিকে দেশ প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হতে পারবে, অপরদিকে বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রপ্তানি বড় সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে যথানিয়মে আরও অনেক অপ্রচলিত পণ্য রপ্তানিরও সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। কারণ, প্রাণিসম্পদ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সচলতা এবং প্রোটিনের চাহিদা পূরণে এই খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর সাফল্য কামনা করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: