বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিস, ঢাকার উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন মিস ত্রিশিতা মাউলা। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ যৌথ প্রশিক্ষণ পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
বিভি/চট্টগ্রাম/পিএইচ













মন্তব্য করুন: