আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী
আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইনানুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছে মত নয়।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
তথ্যপ্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীরা যাতে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত।
নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের শুধু প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্তত সমমানের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ দিতে হবে, যাতে তারা কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পান।
সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তথ্যপ্রতিমন্ত্রী বলেন, সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যদি ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে, তাহলে সাংবাদিকদের জন্য সুফল নিশ্চিত করা সম্ভব হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিকের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকপক্ষকে ওয়েজবোর্ডের বিধান অনুসরণ করতে হবে। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ।
সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্যপ্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বিভি/কেএস/এসজি













মন্তব্য করুন: