রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি কোম্পানির শীর্ষ পদে হঠাৎ রদবদল
দেশে গ্যাস সংকটের মধ্যে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি কোম্পানি তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) শীর্ষ পদে পরিবর্তন এনেছে পেট্রোবাংলা।
তিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। তাদের স্থলে তিন মহাব্যবস্থাপককে (জিএম) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৪ ও ২৬ নভেম্বর পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে চলতি দায়িত্ব পেয়েছেন তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।
একইভাবে বাপেক্সের এমডি ফজলুল হককে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় চলতি দায়িত্ব পেয়েছেন বাপেক্সের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।
এ ছাড়া গত ২৪ নভেম্বর আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়। তাকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।
অন্যদিকে, পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি আগে নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
পেট্রোবাংলার অফিস আদেশে বলা হয়েছে, তিন কোম্পানির এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সাময়িকভাবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা বা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো পরিবর্তন আসবে না। এসব পদে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তারা নিজ পদ মহাব্যবস্থাপক হিসেবে ফিরে যাবেন।
উল্লেখ্য, দেশের গ্যাস অনুসন্ধান, উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই তিন প্রতিষ্ঠানের। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস। বাপেক্স দেশে তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও উৎপাদনের দায়িত্ব পালন করে। অন্যদিকে, আরপিজিসিএল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং তা পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করে।
বিভি/টিটি













মন্তব্য করুন: