• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযান উদ্বোধন

প্রকাশিত: ১৮:১১, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযান উদ্বোধন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো এবং পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দেশে শুরু হয়েছে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই (Renewables Now)’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান। ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রচারাভিযানে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর নেতৃত্বে আয়োজিত প্রচারাভিযানের উদ্বোধন শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী এ প্রচারাভিযানের আওতায় দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি, সাইকেল ও নৌ-র‍্যালি, সড়ক শোভাযাত্রা, উপকূলীয় পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রচারাভিযানের অংশ হিসেবে উপকূলীয় পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়। প্রধান অতিথি পদযাত্রার বাস্তবায়নকারী ও বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাশফিকুল হাসান টনির হাতে প্রচারাভিযানের ব্যানার হস্তান্তর করেন।

‘ধরা’-এর সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) বাংলাদেশবিষয়ক লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম, ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এবং হাওর অঞ্চলবাসীর সমন্বয়কারী জাকিয়া শিশির।

প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা প্রযুক্তি নয়, বরং পরিবর্তনের মানসিকতা। বিদ্যুৎকেন্দ্র বলতে প্রচলিত ধারণায় এখনো থার্মাল পাওয়ার প্ল্যান্টই সামনে আসে। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, মাতারবাড়ীর মতো বিদ্যমান জমি কাজে লাগিয়ে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এখন প্রয়োজন পরিবর্তনের বাধা দূর করে দ্রুত সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যাওয়া।

‘ধরা’র সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী বলেন, নবায়নযোগ্য জ্বালানি এখন শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়; এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সার্বভৌমত্বের প্রশ্ন। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ঝুঁকি থেকে বেরিয়ে নিজেদের জ্বালানি নিজেদেরই তৈরি করতে হবে।

তিনি বলেন, সৌর, বায়ু ও বায়োমাসসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসার দেশজুড়ে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির সুযোগ তৈরি করতে পারে। তাই এখনই নবায়নযোগ্য জ্বালানিতে বড় পরিসরে রূপান্তরের সময়।

‘ধরা’র সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল বলেন, আমদানিনির্ভরতার কারণে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা গভীর চ্যালেঞ্জের মুখে। এ বাস্তবতা থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও পরিকল্পিত রূপান্তরের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে এখনই সুস্পষ্ট পথনকশা, কার্যকর পদক্ষেপ ও দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। এই পরিবর্তন শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ৩৭টি সংগঠন যৌথভাবে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক প্রচারাভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে।

বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। নতুন এফএসআরইউ স্থাপন করলেই সমস্যার সমাধান হবে না। এর সঙ্গে পাইপলাইনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, এলএনজি আমদানিতে আরও নির্ভরশীল না হয়ে আগামী তিন-চার বছরের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা দ্রুত বাড়াতে হবে।

আইইইএফএর বাংলাদেশবিষয়ক লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম বলেন, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা দেশের জ্বালানি নিরাপত্তাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এখন আর বিকল্প নয়, জরুরি প্রয়োজন।

তিনি বলেন, আগামী তিন-চার বছরের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা দ্রুত বাড়াতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সহজ অর্থায়ন, বিনিয়োগবান্ধব নীতি ও জ্বালানির দক্ষ ব্যবহার।

ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর আন্দোলন হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে পরিবেশগত জবাবদিহি ও দূষণ নিয়ন্ত্রণও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক রিকশায় ব্যবহৃত ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা না হলে ভবিষ্যতে এগুলো বড় ধরনের দূষণের উৎস হয়ে উঠতে পারে। তাই শুধু সোলার বাড়ানো নয়, ব্যাটারি ও ব্যবহৃত প্যানেলের বর্জ্য ব্যবস্থাপনাসহ সামগ্রিক পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর এগিয়ে নিতে হবে।

অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, জীবাশ্ম জ্বালানি একদিকে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, অন্যদিকে বাড়িয়ে দিচ্ছে বায়ুদূষণ। বায়ুদূষণ বাড়ার সঙ্গে সৌরপ্যানেলের ওপর ধুলার স্তরও বৃদ্ধি পাচ্ছে, ফলে প্যানেলের কার্যক্ষমতা কমে যাচ্ছে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে দূষণ কমবে। আর দূষণ কমলে সৌরপ্যানেলের কার্যকারিতা বাড়বে, যার ফলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনও বৃদ্ধি পাবে।

হাওর অঞ্চলবাসীর সমন্বয়কারী জাকিয়া শিশির বলেন, নবায়নযোগ্য জ্বালানি দ্রুত সম্প্রসারণ করতে জনগণকে অবশ্যই সচেতন করতে হবে। একই সঙ্গে প্রয়োজন কার্যকর আইনি কাঠামো ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আলোচনায় ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে বৃহত্তর জনসম্পৃক্ততা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রচারাভিযানের যৌথ আয়োজক ৩৭টি সংগঠন হলো- ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ (WKB), সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS), ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (YASD), আপস ইয়ুথ অর্গানাইজেশন, ব্রাইটার্স, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (YEDO), ওএবি ফাউন্ডেশন, রিভার বাংলা, বেঙ্গল পিস ফাউন্ডেশন, তরঙ্গ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার (CF), ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DRDF), বাংলাদেশ কৃষক ফেডারেশন (BKF), রিভারাইন পিপল, এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস (ERDA), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, সচেতন নাগরিক সমাজ সংগঠন, কোস্ট ফাউন্ডেশন, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CPRD), সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেড (CRESL), আর্থস অ্যান্টস, কাসমাস অর্গানাইজেশন, বারসিক (BARCIK), হাওর অঞ্চলবাসী, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, মিশন গ্রিন বাংলাদেশ (MGB), ইকুইটি বিডি (EquityBD), সচেতন ফাউন্ডেশন, সম্প্রীতি ও সৌহার্দ্য, গর্জন সমাজকল্যাণ সংস্থা, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (BSREA), রিভার সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, গ্রিনওয়ে রিনিউএবল এনার্জি ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন, ইউনিভো (UNIVO), ইউক্যান (YouCan) এবং গ্রিনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: