প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচি পালন করা হয়।
পরিবেশ অধিদফতর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ‘ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’- প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালন করা হয়।
পরিবেশ অধিদফতর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
আলোচনা সভায় বক্তৃতা করেন,জাতিসংঘ শিল্প ও উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মো. মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল, ইয়ুথ ফর সুন্দরবন’র জান্নাতুল সাদিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন এবং পরিচ্ছন্নতা অভিযান থেকে মানুষের দৈনন্দিন জীবন শৈলী ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রত্যাশার কথা বলেন।
এসময় পরিবেশ অধিদফতরের উপপরিচালক আসাদুর রহমান পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় স্হানীয় প্রশাসন, প্রতিষ্ঠান ও জনগনের সমন্বিত কার্যক্রমের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক শপথ গ্রহণ করেন। পরে সবাই অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। আলোচনা সভা ও শপথ গ্রহণ শেষে সচেতনতামূলক একটি র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচিতে তিন শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন বলে জানা যায়।
বিভি/এআই













মন্তব্য করুন: