• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১

জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান

কেফায়েত শাকিল,আনতালিয়া, তুরস্ক 

প্রকাশিত: ১৮:১১, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১২, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান

জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে ন্যায্য উত্তরণ, জলবায়ু ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে ‘পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১’। 

১৪–১৮ নভেম্বর আন্তালিয়ার মিমার সিনান কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক আন্দোলন, নাগরিক সমাজের সংগঠন, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, মৎস্যজীবী, তরুণ এবং জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

১৫ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ওয়াটারকিপার অ্যালায়েন্সের গ্লোবাল বোর্ড সদস্য শরীফ জামিল, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন) ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং গ্লোবাল ক্যাম্পেইন ফর ক্লাইমেট জাস্টিসের তৃণমূল আন্দোলনের নেতা তাসনিম এসপ, জাপানিজ কমিউনিস্ট পার্টির সদস্য তোমো ইওয়াবুচি, সমাজবিজ্ঞানী মার্কুস উইসেন এবং পিপলস ক্লাইমেট সামিটের পক্ষ থেকে ইসেহান বালতা। বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় মানুষের অধিকার, বৈশ্বিক সংহতি এবং ন্যায়বিচারভিত্তিক রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

শরীফ জামিল তার বক্তব্যে ক্ষয়ক্ষতি (Loss and Damage) মোকাবিলায় ক্ষতিপূরণসহ পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান। 

তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালে বাংলাদেশে ফেনীর ভয়াবহ বন্যা, সাম্প্রতিক সময়ে ইস্তাম্বুল ও ব্যাংককে অতিবৃষ্টিজনিত দুর্যোগ এবং লন্ডন ক্লাইমেট উইকের সময় তীব্র তাপপ্রবাহের কারণে লন্ডনের মানুষকে কেন নিজ বাড়িতে রাত কাটাতে পারেননি—এসব ঘটনার জন্য দায়ী কারা? ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণই বা কীভাবে নিশ্চিত করা হবে? তিনি জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী গ্লোবাল নর্থের দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য পাওনা হিসেবে জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তাসনিম এসপ বিশ্বজুড়ে যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি সমালোচনা করে বলেন, মানুষ ও মানবতাকে হত্যার জন্য গ্লোবাল নর্থের দেশগুলো যেভাবে দ্রুত সম্পদ ও সামরিক শক্তি সংগঠিত ও মোতায়েন করতে পারে, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় নিজেদের অঙ্গীকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সেভাবে এগিয়ে আসে না। তিনি কপ৩১-এর মতো আন্তর্জাতিক আলোচনার মঞ্চে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনে বাধ্য করতে বিশ্বজুড়ে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে যুদ্ধ ও সামরিকায়ন, জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ, করপোরেটনিয়ন্ত্রিত খাদ্যব্যবস্থা এবং বাস্তুতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, বৈশ্বিক জবাবদিহি এবং ঐতিহাসিক জলবায়ু ঋণ পরিশোধের দাবি তুলে ধরা হচ্ছে। ১৪ নভেম্বর বৈশ্বিক কর্মদিবসের অংশ হিসেবে আনতালিয়ার রাজপথে যৌথ পদযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। ১৮ নভেম্বর পর্যন্ত আলোচনা ও সম্মিলিত কর্মসূচি চলবে।
 

বিভি/কেএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত