• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

স্পিরিট তৈরির কারখানার বর্জ্যে মারাত্মক পরিবেশ দূষণ, চরম দুর্ভোগ

এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী

প্রকাশিত: ১৮:২৫, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৫, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্পিরিট তৈরির কারখানার বর্জ্যে মারাত্মক পরিবেশ দূষণ, চরম দুর্ভোগ

রাজবাড়ীর গোয়ালন্দে সুনিপুন অর্গানিক্স লিমিটেড নামের স্পিরিট তৈরির কারখানার বর্জ্যে ভূগর্ভস্থ পানির স্তর দূষিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে আশপাশের কয়েকশ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশদূষণের শিকার হচ্ছে। আক্রান্ত হচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগে। এ ছাড়া পার্শ্ববর্তী কৃষিজমিতে ফসলের ফলন বিপর্যয় এবং কারখানাটির কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে জমি কেনার অভিযোগও রয়েছে।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্পিরিট তৈরি করে আসছে। যদিও স্থানীয়রা এটিকে মদ তৈরির কারখানা হিসেবে জানেন। এ এলাকার মানুষ ভূগর্ভস্থ টিউবওয়েলের পানি পান করা ও অন্যান্য কাজে ব্যবহার করেন। কিন্তু বর্তমানে কারখানার আশপাশের দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকিরপাড়া, কিয়ামদ্দিন মোল্লাপাড়া ও গফুর মোল্লাপাড়া গ্রাম এবং হেলিপ্যাড এলাকার মানুষের ব্যবহৃত টিউবওয়েলে চাপ দিলেই কালচে-কালো রঙের পানি উঠছে। সেই সঙ্গে রয়েছে তীব্র দুর্গন্ধ।

এই পানি পান করা তো দূরের কথা, রান্না, গোসলসহ দৈনন্দিন কাজেও ব্যবহারের উপায় নেই। কয়েকটি গ্রামের বাসিন্দারা দূরদূরান্ত থেকে সুপেয় পানি সংগ্রহ করলেও দৈনন্দিন কাজে অনেক সময় ওই দূষিত পানিই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে তারা প্রতিনিয়ত নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু তা-ই নয়, কারখানা থেকে নির্গত দুর্গন্ধ এবং উড়ে আসা ছাইয়ে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. শুকুর আলী মন্ডল (৬৫) ও মো. লাল্টু মন্ডলসহ অনেকেই বলেন, কারখানার বর্জ্যের কারণে এলাকার টিউবওয়েলের পানিতে কালচে রং ও দুর্গন্ধ দেখা দিয়েছে। কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণে ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়াচ্ছে। পাশাপাশি কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও ছাই উড়ে আশপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডা, কাশি, পেটের নানা অসুখসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

পার্শ্ববর্তী বাসিন্দা শ্যামেলা বেগম (৫৮) বলেন, ‘মিল থেকে বাতাসে উড়ে আসা কালো ছাই ও দুর্গন্ধ আমাদের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। এই ছাইয়ের কারণে আমরা ধোয়া কাপড় বাইরে শুকাতে দিতে পারি না। কালো ছাই এসে কাপড়চোপড় আবার ময়লা করে দেয়।’

কারখানার পাশে রেলওয়ের জায়গায় বসবাসকারী মো. শুকুর আলী ফকির বলেন, ‘চাকরির প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রতারণা করে আমার জমি কিনেছে। চাকরি তো দূরের কথা, এখন সরকারি (রেলওয়ে) জায়গায় থাকা আমার বাড়ি উচ্ছেদের হুমকি দিচ্ছে।’

স্থানীয় কৃষক মো. মোশাররফ হোসেন বলেন, আশপাশের মাঠে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিন ফলন আশঙ্কাজনক হারে কমছে। তাদের দাবি, কারখানাটি জনবসতিহীন কোনো ফাঁকা চর অঞ্চলে সরিয়ে নেওয়া হলে এলাকাবাসী এই অভিশাপ থেকে মুক্তি পাবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পানির নমুনা পরীক্ষা করে দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করা এবং দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তবে এসব বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের একেবারেই উদাসীন দেখা যাচ্ছে বলে অভিযোগ তাঁদের।

গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় গোয়ালন্দ উপজেলার ভূগর্ভস্থ পানির স্তর অনেক ওপরে। মাত্র ২০ থেকে ২৫ ফুট মাটির নিচেই সুপেয় পানি পাওয়া যায়। ফলে খুব সহজেই পানি দূষণের ঝুঁকি থাকে। অনেক সময় টয়লেটের সেফটি ট্যাংকের কারণেও পানি দূষিত হওয়ার ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে এলাকাবাসীকে সেফটি ট্যাংক থেকে নিরাপদ দূরত্বে টিউবওয়েল স্থাপনের পরামর্শ দেওয়া হয়। তাই কারখানার বর্জ্যে খুব সহজেই পানি দূষিত হওয়ার আশঙ্কা অনেক বেশি বলে জানান তিনি।

একই বিষয়ে জানতে রাজবাড়ীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, যেকোনো ধরনের শিল্পের বর্জ্য ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। দৌলতদিয়া ইউনিয়নে সুনিপুন অর্গানিক্স লিমিটেডের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে আমাদের যা করণীয়, তা আমরা করব।

এ বিষয়ে বক্তব্য জানতে সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। কারখানার ভেতরে ছবি ধারণের অনুমতিও দেননি তারা।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা সাংবাদিকদের জানান, সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ত্রুটি থাকলে এবং ওই কারখানার বর্জ্যের কারণে পরিবেশ কিংবা ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, কারখানার রাসায়নিক পদার্থের কারণে পানি দূষিত হলে তা শরীরের কিডনি ও লিভারে বেশি প্রভাব ফেলে। দূষিত পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যানসারের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া বিভিন্ন চর্মরোগেও আক্রান্ত হতে পারেন মানুষ। রাজবাড়ী জেলায় পানি পরীক্ষার কোনো ল্যাব নেই। তবে পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করতে হবে, যাতে ক্ষতিকর উপাদানের উপস্থিতি ও পরিমাণ জানা যায়। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে, এই পানি ব্যবহারযোগ্য কি না।

বিভি/রাজবাড়ী/পিএইচ

মন্তব্য করুন: