• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নির্ধারিত সময় শেষেও সমঝোতায় পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা, বাড়তে পারে কপ৩১-এর সময়

কেফায়েত শাকিল, তুরস্ক থেকে

প্রকাশিত: ২২:৩১, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩২, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নির্ধারিত সময় শেষেও সমঝোতায় পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা, বাড়তে পারে কপ৩১-এর সময়

জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অভিযোজন অর্থায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর নিয়ে মতবিরোধের কারণে অচলাবস্থায় পড়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। নির্ধারিত সময় শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতা না হওয়ায় আলোচনা শনিবার পর্যন্ত গড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ সংশোধিত খসড়ায় কয়লা, তেল ও গ্যাস থেকে উত্তরণের স্পষ্ট আহ্বান বাদ পড়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে পানামাসহ বিভিন্ন দেশ। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট রোডম্যাপ এবং তেল উৎপাদনে সীমা নির্ধারণের দাবিও উঠেছে।

অন্যদিকে, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব থাকলেও বছরে ১২০ বিলিয়ন ডলারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা খসড়া থেকে বাদ গেছে। কোন ভিত্তিতে অর্থায়ন তিন গুণ করা হবে, তা নিয়েও ঐকমত্য হয়নি।

এদিকে, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার উদ্যোগে ৩০টির বেশি দেশ সমর্থন দিয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বাধ্যবাধকতা না থাকায় এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

খসড়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও স্বীকার করা হয়েছে। পাশাপাশি আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বন সংরক্ষণ, মিথেন নিঃসরণ কমানো ও সমুদ্রভিত্তিক জলবায়ু কার্যক্রমের বিষয় রয়েছে।

তবে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ন্যায্য জ্বালানি রূপান্তর ও নিঃসরণ কমানোর বিষয়ে এখনো সমঝোতা বাকি। ফলে চূড়ান্ত চুক্তিতে এসব বিষয়ে কতটা কার্যকর অঙ্গীকার আসে, এখন সেদিকেই নজর সবার।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: