পাখির কলকাকলিতে মুখর চলনবিল, বসেছে অতিথি পাখির মিলনমেলা
ঝাঁকে ঝাঁকে উড়ছে পরিযায়ী পাখিরা।
শীতের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে নাটোরের চলনবিল। জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির অতিথি পাখি। পাখির কলকাকলি আর জলরাশির মিতালিতে বদলে গেছে বিলের চিরচেনা দৃশ্যপট। তবে প্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় এখনো বড় চ্যালেঞ্জ অবৈধ পাখি শিকার। প্রশাসনের পক্ষ থেকে পাখি শিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দেওয়া হচ্ছে জেল ও জরিমানা সহ বিভিন্ন শাস্তি।
চলনবিলে ভোর থেকেই লাখ লাখ অতিথি পাখির ওড়াউড়ি আর কোলাহলে মুখর থাকছে এই বিল। সাদাবক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক সহ হাজারো অতিথি পাখি নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো আর ঋষি বকের ধ্যানমগ্ন চিত্র-যে কোনো মানুষের মনে আনন্দ দেয়। বিলের অল্প পানিতে ডুব দিয়ে মাছ ধরে খাওয়ার দৃশ্যপট যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করছে।

এতে পুরো চলনবিল পাখিদের মিলনমেলায় পরিণত হয়েছে। শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। এরই মধ্যে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে নাটোরের চলনবিল। জলরাশি আর সবুজ প্রকৃতির মাঝে ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার প্রকৃতিপ্রেমীরা।
প্রতিবছরের মতো এবারও শীতের আগমনে দেশের বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। চলনবিলেও দেখা মিলছে সাদাবক, বালিহাঁস, পানকৌড়ি, কাঁদাখোঁচা, ডাহুক,শামকৈল, রাতচোরাসহ বিভিন্ন প্রজাতির পাখির। খাবারের সন্ধানে কখনো পানিতে, কখনো বিলের তীরে বিচরণ করছে তারা। তবে জলাভূমি সংকোচন, পানির স্বল্পতা ও অবৈধ শিকার পাখিদের নিরাপদ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

অতিথি পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব পাখি রক্ষায় চলনবিলে অভয়াশ্রম গড়ে তোলা এবং পাখি শিকার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে জানান পরিবেশ কর্মীরা।
অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে পাখি শিকার করলে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চলনবিল আমাদের অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অতিথি পাখি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পাখি শিকার বন্ধ, জলাভূমি সংরক্ষণ এবং পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে সংশ্লিষ্ট দপ্তর ও পরিবেশকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় অতিথি পাখির ভূমিকা অপরিসীম। তাই চলনবিলের সৌন্দর্য অটুট রাখতে পাখি শিকার বন্ধ, জলাভূমি সংরক্ষণ ও অভয়াশ্রম গড়ে তোলার বিকল্প নেই। প্রকৃতির এই অতিথিরা নিরাপদে ফিরে যাক আপন ঠিকানায় এমন প্রত্যাশা স্থানীয় পরিবেশ প্রেমীদের।
বিভি/কেআই/এজেড













মন্তব্য করুন: