দর্শকের ফেলে যাওয়া টুপি গিলে মারা গেল ভাইরাল সেই জলহস্তি
ছবি: সংগৃহীত
জন্মের পর থেকেই বেঁচে থাকার লড়াই করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল ফিওনা। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া জলহস্তীটি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু নয় বছর বয়সে এসে দর্শকের ফেলে যাওয়া একটি উলের টুপিই কেড়ে নিল তার প্রাণ।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানায় গত ১৯ নভেম্বর মারা যায় ফিওনা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দর্শকের ফেলে যাওয়া একটি বোনা টুপি গিলে ফেলার পর সেটি তার পরিপাকতন্ত্রে আটকে যায়। চিকিৎসকদের নানা প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
২০১৭ সালের ২৪ জানুয়ারি নির্ধারিত সময়ের প্রায় ছয় সপ্তাহ আগেই জন্ম হয়েছিল ফিওনার। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২৯ পাউন্ড বা প্রায় ১৩ দশমিক ২ কেজি। অথচ সদ্যোজাত জলহস্তীর স্বাভাবিক ওজন ৫৫ থেকে ১২০ পাউন্ডের মধ্যে। স্বাভাবিকের তুলনায় অনেক কম ওজন নিয়ে জন্মানোয় শুরু থেকেই তার বেঁচে থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে চিড়িয়াখানার কর্মীদের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। পরে ফিওনা হয়ে ওঠে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এবং বিশ্বজুড়ে পরিচিত এক প্রাণী।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর এক দর্শক ফিওনার আবাসস্থলের সামনে নিজের বোনা টুপিটি বাতাসে ছুড়ে দেন। টুপিটি সেখানকার একটি সিলিং ফ্যানে আটকে যায়। পরে ফ্যানের ধাক্কায় সেটি দর্শনার্থীদের দেখার জায়গার ওপরের একটি ফাঁক দিয়ে জলহস্তীর আবাসস্থলে গিয়ে পড়ে। ফিওনা সেটি গিলে ফেলে।
প্রথম দিকে টুপি গেলার পর ফিওনার মধ্যে অসুস্থতার স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। তবে কয়েক দিন পর তার খাবারের প্রতি আগ্রহ কমতে থাকে। বিষয়টি নজরে আসার পর চিড়িয়াখানার পশুচিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়। শরীরে পানির ঘাটতি পূরণ, ওষুধ প্রয়োগসহ বিভিন্ন পদ্ধতিতে টুপিটি পরিপাকতন্ত্র দিয়ে বের করে আনার চেষ্টা করা হয়।
চিকিৎসকেরা কোলনোস্কোপির মাধ্যমে টুপিটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করলেও সফল হননি। প্রায় নয় ফুট দীর্ঘ যন্ত্র ব্যবহার করেও আটকে থাকা বস্তুটির নাগাল পাওয়া যায়নি। অস্ত্রোপচারের বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে টুপিটি অন্ত্রের অনেক ভেতরে চলে যাওয়ায় এবং ফিওনার শারীরিক গঠনের কারণে তা নিরাপদে বের করা সম্ভব ছিল না বলে বিশেষজ্ঞরা মত দেন।
শেষ পর্যন্ত ১৯ নভেম্বর ফিওনার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে দেখা যায়, টুপিটি তার ক্ষুদ্রান্ত্রের মাঝামাঝি অংশে আটকে ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, টুপিটির অবস্থান ও ফিওনার শারীরিক গঠনের কারণে অস্ত্রোপচার করে সেটি বের করা সম্ভব ছিল না।
ফিওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার পরিচর্যাকারী থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক জানাচ্ছেন, পাশাপাশি চিড়িয়াখানায় দর্শনার্থীদের অসতর্ক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: