• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আল জাজিরায় মুশফিকুল ফজল আনসারীর নিবন্ধ 

‘দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে’

প্রকাশিত: ১৩:৫২, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৫, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে’

ছবি: মুশফিকুল ফজল আনসারী

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে ভারতে শেখ হাসিনার অবস্থান নিছক  রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন নয়। কোনো পরিবারে এখনো চলছে আহত স্বজনের সেবা। কোনো মা-বাবার কাছে সন্তানের খালি ঘরটি প্রতিদিন মনে করিয়ে দেয়, তারা  কী হারিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যখন ভারতের মাটি থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশে বক্তব্য দেন, তখন এসব পরিবারের প্রশ্ন, গণতন্ত্রের জন্য এত বড় মূল্য দেয়ার পরও তারা কেন দেখবেন যে তাদের এই দুর্ভোগের জন্য যাকে দায়ী মনে করেন, তিনি বিদেশে বসে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছেন?

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, গণ-অভ্যুত্থানের সময় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। তাদের অনুসন্ধানে তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহিংসতায় জড়িত অংশের পদ্ধতিগত দমন-পীড়নের চিত্র উঠে আসে। আন্দোলনকে সহিংস উপায়ে দমন করা ছিল সরকারের নীতি। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা নির্ধারণে আরও তদন্তের প্রয়োজন বলে জানায় দপ্তরটি। জাতিসংঘের অনুসন্ধানে ঘটনার তথ্য উঠে এসেছিল। ব্যক্তিগত অপরাধের দায় নির্ধারিত হয়েছে পরবর্তী বিচারপ্রক্রিয়ায়।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। নৃশংসতায় উসকানি ও মদদ দেওয়া এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। অধীনস্থদের কর্মকাণ্ডের জন্য ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের নীতিতেও ট্রাইব্যুনাল তাকে দায়ী করেন এবং তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। হাসিনা বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। তার এই বক্তব্যে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার পাওয়া থেকে বঞ্চিত করা যায় না। বাংলাদেশ তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তিনি এখনো ভারতেই আছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে। দীর্ঘ স্বৈরশাসনে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের কাজও চলছে। এ সময় বিদেশে অবস্থানরত হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, বিশেষ করে যেসব পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছে, তাদের মধ্যে।

এই উত্তরণ রক্ষার দায়িত্ব নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ সব রাজনৈতিক সংগঠনের। একে অস্থিতিশীল করার চেষ্টা হলে তথ্য-প্রমাণ সামনে এনে এবং আইনানুগ পদক্ষেপ নিয়ে তার জবাব দিতে হবে। সরকারের পদক্ষেপে অগ্রাধিকার দিতে হবে ভুক্তভোগীদের স্বার্থকে। তবে হাসিনা ভারতে থাকায় এসব উদ্বেগের সুরাহা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়।

সম্প্রতি বাংলাদেশের দৈনিক, প্রথম আলোকে দেয়া  এক সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার বলেন, ক্ষমতায় থাকাকালে হাসিনা ভারতের জন্য মূল্যবান ছিলেন। তার ধারণা, নয়াদিল্লি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি আরেকটি প্রশ্নেরও জবাব দিতে হবে দিল্লিকে। ভারতের মাটি থেকে তিনি কেন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছেন?

২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, আসন্ন নির্বাচন ব্যাহত করতে তিনি সহিংসতায় উসকানি দিয়েছেন। ফেয়ার প্রশ্ন তুলেছেন, অতীতে দালাইলামা ও অং সান সু চির মতো ব্যক্তিদের সংযত আচরণ প্রদর্শনে রাজি করাতে পারলেও হাসিনার ক্ষেত্রে নয়াদিল্লির এমন অনীহা কেন? ফেয়ারের মতে, এর ব্যাখ্যা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই খুঁজতে হবে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হলো, নিজেদের রাজনৈতিক হিসাবের সঙ্গে সংঘাত হলে প্রতিবেশীর উদ্বেগকে নয়াদিল্লি কতটা গুরুত্ব দেয়?

নয়াদিল্লির অবস্থান যে রাজনৈতিক বিবেচনা থেকেই আসুক, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি বিচার করতে হবে আইনি ভিত্তিতে। কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেই তার প্রত্যর্পণ আটকে যায় না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হত্যা, হত্যায় উসকানি এবং সংশ্লিষ্ট কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধ দেখিয়ে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যায় না। তবে অনুরোধ প্রত্যাখ্যানের অন্যান্য ভিত্তি ও চুক্তিতে থাকা আইনি সুরক্ষাগুলো প্রযোজ্য থাকবে।

ধারাবাহিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ সরকারকে স্পষ্ট করতে হবে যে ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। প্রত্যর্পণের অনুরোধটিও নয়াদিল্লি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে ঢাকা আশা করে। একই সঙ্গে বাংলাদেশে সহিংসতায় উসকানি দিতে বা বাংলাদেশের মানুষকে হুমকি দিতে যেন ভারতের ভূখণ্ড ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে দিল্লিকে। এ ধরনের সুনির্দিষ্ট ঘটনা নথিভুক্ত করা প্রয়োজন। শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ আর সহিংসতার আহ্বানের পার্থক্যও স্পষ্ট রাখতে হবে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়তে ভারত আন্তরিক হলে এ দেশের মানুষের গণতান্ত্রিক রায়কে সম্মান করতে হবে, তাদের ভোগান্তিকেও স্বীকার করতে হবে। একজন সাবেক স্বৈরশাসককে জবাবদিহি থেকে আড়াল করলে দুই দেশের মধ্যে অবিশ্বাসই বাড়বে। নিজের সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের দায়ে সশরীরে জবাব দিতে, দণ্ডের মুখোমুখি হতে এবং পরবর্তী যেকোনো আইনানুগ প্রক্রিয়ায় অংশ নিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে। তার প্রত্যাবর্তন যেন ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ খুলে দেয় এবং বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেয়।

 লেখক: মুশফিকুল ফজল আনসারী, বাংলাদেশি কূটনীতিক

(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নেবে না।)

বিভি/এমআর

মন্তব্য করুন: