অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়ের সামনে টেম্পো স্ট্যান্ড, ঝুঁকিতে শিক্ষার্থীরা
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে ওঠা টেম্পো স্ট্যান্ডটি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের জন্য মারাত্মক নিরাপত্তাঝুঁকি এবং চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন বিদ্যালয়ের সামনে টেম্পোগুলোর বেপরোয়া চলাচল, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অপরিকল্পিতভাবে গাড়ি দাঁড় করানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের শুরু ও ছুটির সময়ে কোমলমতি ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে বাধ্য হচ্ছে।
প্রশ্ন হলো, একটি বালিকা বিদ্যালয়ের প্রবেশপথ ও সীমানাপ্রাচীর ঘেঁষে গণপরিবহনের স্ট্যান্ড স্থাপনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক? শিক্ষার্থীদের নিরাপত্তার চেয়ে কি টেম্পো স্ট্যান্ডের অবস্থান বেশি গুরুত্বপূর্ণ?
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যেখানে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা থাকার কথা, সেখানে টেম্পোর সারি, হর্নের শব্দ, যানজট ও দুর্ঘটনার আশঙ্কা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে টেম্পো স্ট্যান্ডটি জরুরি ভিত্তিতে সরিয়ে সাবেক মুসলিম হলের সামনে, মুসাফিরখানা সংলগ্ন উপযুক্ত স্থানে স্থানান্তর করা হোক।
বিকল্প রুট হিসেবে বিবেচনা করা যেতে পারে— সিনেমা প্যালেস → সাবেক মুসলিম হলের সামনে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা → জে.সি. গুহ রোড → বহদ্দারহাট কিংবা নির্ধারিত গন্তব্য।
অবশ্যই সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ সরেজমিন পরিদর্শন করে বিকল্প স্থানের উপযোগিতা ও নিরাপত্তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আমরা গণপরিবহন বন্ধ করতে বলছি না। আমরা চাই, পরিবহনব্যবস্থা সচল থাকুক, কিন্তু সেটি যেন কোনো শিক্ষার্থীর জীবন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।
মাননীয় প্রশাসক ও পুলিশ কমিশনার মহোদয়ের কাছে জোর দাবি, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। বিদ্যালয়ের সামনে টেম্পো স্ট্যান্ড স্থানান্তরের পাশাপাশি নিরাপদ সড়ক পারাপার ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করুন। মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অনেক বেশি জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। টেম্পো স্ট্যান্ড স্থানান্তর করুন, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করুন।
বিভি/এসজি













মন্তব্য করুন: