তারেক রহমানের নেতৃত্ব: সম্ভাবনার বাংলাদেশ
দীর্ঘ গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের পরিক্রমায় ফ্যাসিবাদী অপশাসনকে বিতাড়িত করে ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের কাছে বৈষম্যহীন সাম্য প্রতিষ্ঠা ও আত্মমর্যাদার স্বদেশ বিনির্মাণের স্বরূপ উন্মোচন করেছে। সেই স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয় এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা। শুধু অঙ্গীকারেই সীমাবদ্ধ না থেকে দায়িত্ব গ্রহণের প্রথম থেকেই তারেক রহমানের কাজের দৃঢ়তা দেশের মানুষের মনে এক নতুন আশার সঞ্চারনা করেছে যা এখনো বহমান।
তাঁর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। বিশেষত ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ যথা- ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মানী ও উৎসব ভাতা প্রদানসহ প্রথম ১০০ দিনে বিভিন্ন খাতে প্রায় ২০০টি উদ্যোগ ও প্রকল্প প্রণয়ন তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র আনুষ্ঠানিক কূটনৈতিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান তৈরি ও বৈশ্বিক বাজার সম্প্রসারণের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারযোগ্য করা হচ্ছে। বিশেষত, দায়িত্ব গ্রহণের পর তাঁর মালয়েশিয়া, চীন ও জাপান সফর সেই অভিপ্রায়েরই দৃষ্টান্ত।
শিক্ষা খাতে উন্নয়ন
একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন তার শিক্ষাব্যবস্থার গুণগত মানের ওপর নির্ভরশীল। এই লক্ষ্য পূরণের জন্য শিক্ষাখাতে বরাদ্দ দেশের জিডিপি-র ২ শতাংশে উন্নীত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক বিতরণ, শিক্ষকদের জন্য 'One Teacher, One Tab' উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্হার জন্য প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ, পূর্বে সরবরাহকৃত ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও স্পিকার সংস্কারের মাধ্যে ৮২ শতাংশ ক্লাসরুম চালু, নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে টিউশন ফি সুবিধা প্রদানসহ সম্প্রসারণ, আবাসন সুবিধা সম্প্রসারণ, বিদ্যালয়ে বৃক্ষরোপন কার্যক্রমসহ আরো উদ্যোগ গৃহীত হয়েছে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফ
২০২৬ সালের ১০ মার্চ ঢাকার কড়াইল এলাকা থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রশংসনীয় প্রতিশ্রুতি নিম্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত এর লক্ষ্যে পরিবারের নারী প্রধানকে মাসিক ২৫০০ টাকা আর্থিক সহায়তা তথা ফ্যামিলি কার্ড বিতরণের যাত্রা শুরু হয়। এ বছরের ১২ অক্টোবর থেকে দেশের ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের মাধ্যমে একটি জাতীয় ডেটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচি যথাযথভাবে পরিচালনার জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকদের সহায়তা ও প্রাপ্য সুবিধাকে একটি সমন্বিত ব্যবস্হার আওতায় আনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়।প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে কর্মসূচিটি চলমান রয়েছে। মূলতঃ কৃষি উপকরণে ভর্তুকি, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি যন্ত্রপাতি সহজে প্রাপ্তির মাধ্যমে কৃষককে দেশের উৎপাদনব্যবস্হার সরাসরি অংশীদার করার অভিপ্রায়ে এই কার্ড প্রদানের উদ্যোগ গৃহীত হয়।
এর পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ গৃহীত হয়েছে। এ লক্ষ্যে জাতীয় বাজেটের ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে যার ফলে ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক কৃষি ঋণ মওকুফ এর সুবিধাভোগ করতে পারবে।
খাল পুনঃখনন: কৃষি, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতির সমন্বিত উন্নয়ন
জলাবদ্ধতা, সেচসংকট এবং পরিবেশগত সমস্যা দূরীকরণের লক্ষ্যে ২০২৬ সালের ১৬ মার্চ দিনাজপুরে ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সুফলকে মাথায় রেখেই দেশের বিভিন্ন জায়গার জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, মৎস্যসম্পদ বৃদ্ধি, কৃষি উৎপাদন সম্প্রসারণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ গৃহীত হয়।
বৈদেশিক সফর-এর প্রভাব:
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়ায়। ২২ জুন ২০২৬ দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ উন্নয়ন, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমবাজার ও অভিবাসী শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে আলোচনা করা হয়। মূলতঃ বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি এক অনন্য গতিশীলতা অর্জন করবে।
২২ থেকে ২৬ জুন ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন এবং দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংগ্রহণ করেন। এই সফরে চীনের সাথে বাংলাদেশের ২১ টি-র বেশি সমঝোতা স্মারক ও চুক্তি সাক্ষরিত হয় যেখানে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), ই-কমার্স, অবকাঠামোগত উন্নয়ন ও বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-র সম্ভাব্যতা যাচাই বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সফরকালে দুই দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আলোচনা-ও হয়। একই সঙ্গে চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল তৈরি এবং মংলা বন্দরকে আধুনিকায়ন ও সম্প্রসারণের প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় দেশ সম্মতি জ্ঞাপন করে।
২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়। এই সফরের মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছানোর সম্ভাবনা এবং এর মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা আলোচিত হয়েছে। নিঃসন্দেহে এই বিনিয়োগ বিশ্ববাজারে বাংলাদেশকে শ্রম অর্থনীতির বাজার থেকে বৈশ্বিক বিনিয়োগের নির্ভরযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ৭৩৭৯ টি জাপানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা, মাতারবাড়ি-মহেশখালি অঞ্চলকে শিল্প-জ্বালানি-লজিস্টিকস এর কেন্দ্রে রূপান্তর, প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মী জাপানে পাঠানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত বিষয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়। সফরটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি, একটি অভিপ্রায় পত্র এবং বেসরকারি খাতের ১৭টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়া যা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরো উজ্জ্বল করতে ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করবে।
বৈশ্বিক জলবায়ুর প্রভাব মোকাবিলাসহ প্রাণ-প্রকৃতি-পরিবেশ সংরক্ষণে ইতোমধ্যেই বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, পড়াশোনার পাশাপাশি ক্রীড়াকে পেশায় ও দেশীয় সংস্কৃতির ধারণ এবং প্রতিপালনেও তারেক রহমান সরকারের ইতিবাচক ও ফলপ্রসূ পদক্ষেপ দৃশ্যমান হয়েছে। একটি দেশের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়। জনগণের সম্মিলিত অংশগ্রহণ, রাজনৈতিক সৌন্দর্য ও প্রশাসনিক দক্ষতা এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করে টেকসই হতে সহায়তা করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নেতৃত্বে বাংলাদেশের অমিত সম্ভাবনাকে খুঁজে বের করে যথার্থতা প্রদানসহ প্রায় ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে স্বনির্ভর হিসেবে বিনির্মাণ করতে প্রাণপণ চেষ্টা করছেন বলেই জনমনে ইতোমধ্যেই দৃঢ় বিশ্বাস স্থাপিত হয়েছে।
এ যেন ঠিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গোটা বাংলাদেশের ঐকতানের ধ্বনিত সুরে অনুরণন ...
"তোমার নেতৃত্বেই
আজ ঐক্যবদ্ধ শপথ—
স্বদেশ গড়ার,
তোমার মাঝেই
বাংলাদেশ আবার স্বপ্ন দেখে,
সৌম্য-সাহস-সার্বভৌমে
মাথা উঁচু করে দাঁড়াবার।"
আজ ২০ নভেম্বর ২০২৬; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও দেশের একজন নাগরিক হিসেবে তাঁর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনাসহ প্রত্যাশা রইলো... জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান যেই গণতান্ত্রিক-নিরাপদ-আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মানের প্রাণান্তকর চেষ্টা করছেন , সেই প্রচেষ্টা সর্বাত্মকভাবে সফল হোক।
লেখক: এম. ফিল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নেবে না।)
বিভি/এজেড













মন্তব্য করুন: