কিংবদন্তী মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের যে ইতিহাস আজও অজানা!
প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়া
১৯৭১ সালের ২৬ মার্চ যখন স্বাধীনতার ঘোষণা ভেসে আসে মেজর জেনারেল জিয়াউর রহমানের কন্ঠ থেকে, তার আগে থেকেই ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানের নেতাদের সাথে পূর্ব পাকিস্তানের নেতাদের আলোচনা চলছিল।
কে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? এই প্রশ্নে শেখ মুজিবের আওয়ামী লীগ কিংবা জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি কোন মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে অনিবার্য হয়ে ওঠে মুক্তির সংগ্রাম।
এমন একটি নিদারুণ পরিণতির প্রেক্ষাপটে সঠিক পথটি কি হতে পারে, সেই শিক্ষাই আমরা লাভ করতে পারি উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার জীবনী পাঠ করে। যিনি মুসলিম লীগ নেতা হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
আবার পাকিস্তান রাষ্ট্রে ভাষার প্রশ্নে যখন তৎকালীন শাসকগোষ্ঠী আন্দোলনকারী ছাত্রজনতার উপর গুলি চালিয়ে তাদের উপর উর্দুকে চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে,
মোহন মিয়া তখন তার স্বভাবসিদ্ধ সাহসিকতা নিয়ে তার পত্রিকার পাতায় খবর করলেন- “রাতের আধারে এতো লাশ কোথায় যায়”।
নিজের দেশ, নিজের ভাষার জন্য তার এই সত্য উচ্চারণ করার কারণে তাকে তখন ক্ষমতাসীন মুসলিম লীগের সাধারণ সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল।
তবে দুর্দান্ত প্রতিভা আর রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী মোহন মিয়াকে গণমানুষের রাজনীতি থেকে দমিয়ে রাখা একমাত্র সৃষ্টিকর্তা ব্যতিত অন্য কারো পক্ষে সম্ভব হয়নি।
বলে রাখা ভালো, পূর্ববঙ্গকে পাকিস্তানের সাথে জুড়ে '৪৭ সালের আযাদী লাভের পর এই অঞ্চলের নির্বিশেষে সাধারণ মানুষেরা এক ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন।
কলকাতা থেকে মুসলমানেরা যেমন পাত্তারি গুটিয়ে ঢাকায় ফিরেন, তেমনি এখানকার সম্ভ্রান্ত হিন্দু জমিদার ও ভূস্বামীগণ পশ্চিম বঙ্গে নতুন ঠিকানা গাড়েন।
দেশভাগের মত এমন একটি বড় বাস্তবতা শুধু নিত্যদিনের জীবনযাত্রা বা ব্যবসা বাণিজ্যের উপরেই প্রভাব ফেলেনি, বরঞ্চ জাতপাতের বিরুদ্ধে একে অপরকে কচুকাটা করে, সাম্প্রদায়িক দাঙ্গার মতো দুর্বিষহ স্মৃতি এখানকার মানুষের মননে গেঁথে গিয়েছিল মাতৃভূমিকে রক্তে রঞ্জিত করার নির্মম ইতিহাস হয়ে।
পরস্পরের মধ্যে অনন্য ভ্রাতৃত্ব বোধের নজির থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় অনুভূতির কারণে এই জনপদের মানুষ একে অপরকে চিরকাল শত্রু বলেই গণ্য করার রীতি গ্রহণ করতেই অভ্যস্ত হয়ে উঠেছিল যেন।
এখানেই মোহন মিয়া এদেশে অসাম্প্রদায়িক রাজনীতির এক চমৎকার উদাহরণ রেখে গেছেন।
জন্মভূমির রাজনৈতিক কালচার ঘিরে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমৃত্যু এমন লড়াই করে আসা একজন মহান নেতা তিনি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়েও যিনি দেশের জন্য কিছু একটা করতে যেয়ে জীবন উৎসর্গ করে গেছেন।
দেশে যুদ্ধের কারণে যখন মানুষের জানমালের নিরাপত্তায় শঙ্কিত মানুষ একটু পরিত্রাণ খুঁজে ফিরছিল, তখন জনগণের নেতা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া শেষদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন দেশ ও জনগণের স্বার্থে।
যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসে যেই সত্য এখনো আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা হয়নি।
পূর্ব পাকিস্তানে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে স্বভাবতই মোহন মিয়ার মতো কতিপয় শান্তিবাদী নেতা ভিতরে ভিতরে পশ্চিমাদের বিরুদ্ধে প্রবল বাধা তৈরি করছিলেন যেন দেশের মানুষের উপর অন্যায় নির্যাতন না করা হয়। শেখ মুজিবও তখন পাকিস্তানে বন্দি। এমন একটি সন্ধিক্ষণে পশ্চিম পাকিস্তানের নেতাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে পশ্চিম পাকিস্তানে যান মোহন মিয়া।
দেশভাগের পর থেকেই ভাষা আন্দোলনের সংগ্রাম সহ পশ্চিম পাকিস্তানের শাষক গোষ্ঠীর কড়া সমালোচনা করে বারবার বিরুপ আচরণের শিকার হওয়ার পরেও মোহন মিয়া করাচিতে পৌঁছেন যেন কোন একটা উপায় বের করে আনা সম্ভব হয়।
যতদূর জানা গেছে, করাচিতে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন তিনি মেহমান হয়ে। রাতের খাবার খেয়ে সুস্থভাবে তিনি বিছানায় যান। এরপর সকালে তিনি অসুস্থ হয়ে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এখন পর্যন্ত তার মৃত্যু নিয়ে এটুকুই আমরা জানতে পারি।
কিন্তু এমন একজন বিশাল হৃদয়ের অধিকারী ব্যক্তিত্বকে লাখোকোটি হৃদয়ের ব্যাকুলতার মাঝেই চিরদিনের জন্য হারিয়ে যাবেন, এই বিষয়টি মেনে নেয়ার আগে আমাদের মনেও অনেক কৌতুহল থেকে যায়।
জানতে ইচ্ছে করে- তার সেই শেষ ডিনারের আদ্যোপান্ত খুঁটিনাটি আর সেই শেষ সকালে ঠিক কী কী ঘটেছিল সেসব খবর। আমরা আজ পর্যন্ত এসব জানতে পারিনি।
বলে রাখা ভালো শের-এ-বাংলা একে ফজলুল হক ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়াকে জিনিয়াস আখ্যায়িত করেন তার প্রজ্ঞা ও মেধা দেখে।
বাংলাদেশ সৃষ্টির পটভূমি রচনায় সবচেয়ে বড় ভূমিকা রাখা ভাষা আন্দোলনে মোহন মিয়ার অবদান তাকে পাঠ করার একটি বিরাট দুয়ার খুলে দেয় আমাদের সামনে।
এই অমর রাজনৈতিক নেতার ৫৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তারই পরিবারের উত্তরসূরী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের লেখা পাঠ করে যেই ইতিহাস আমরা আরো গভীরভাবে জানতে পারি। যা আগের পোস্টে তুলে ধরা হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: