• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী: স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

প্রকাশিত: ১৯:৪৬, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৭, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী: স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠেয় এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

স্মরণসভাকে কেন্দ্র করে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজনীতিবিদ, লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পেশাজীবীসহ তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করেছেন আয়োজকেরা।

নির্ধারিত বিষয়সমূহ: 
> বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব: তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, ব্যক্তিত্ব ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা। 
> আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন: গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাজনৈতিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী ভূমিকা এবং রাজনৈতিক আপসহীনতার ইতিহাস।
> পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম: জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ। 
> নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন: নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের নারী নেতৃত্বে তাঁর অবদান।
> বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া: সংসদীয় গণতন্ত্র, সংসদীয় রাজনীতির বিকাশ, বিরোধী দলের ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর রাজনৈতিক অবদান। 
> খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন: স্বনির্ভরতা, উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা: অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর দর্শন ও নীতি। 
> নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম: নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। 
> সংবাদপত্রের স্বাধীনতা: গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সাংবাদিকতা এবং সংবাদপত্রের সঙ্গে তাঁর সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
> বেগম খালেদা জিয়া: প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়: তাঁর সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা এবং কর্মময় জীবনের নানা অনুলেখিত অধ্যায়। 
> সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব: রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি, সুশাসন এবং সরকারি দায়িত্ব পালনে তাঁর ভূমিকা। 
> অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া: প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ: জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা, চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর অবস্থান এবং সংশ্লিষ্ট প্রত্যক্ষ স্মৃতি। 
> বেগম খালেদা জিয়া: নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা: তাঁর রুচিবোধ, সৌন্দর্যচেতনা, ব্যক্তিগত জীবনযাপন, আত্মমর্যাদাবোধ, মানবিক গুণাবলি ও ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য।

লেখা পাঠানোর নিয়মাবলি: প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। 

নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখক নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে। 

লেখা আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল:  [email protected]।

এ ছাড়া, বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য  এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থটি বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরার একটি প্রয়াস। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আয়োজকরা প্রত্যাশা করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত