• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রতিরোধ ও সংগ্রামের প্রতীক তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১১:১৮, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রতিরোধ ও সংগ্রামের প্রতীক তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ

ছবি: ইন্টারনেট

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর সংগ্রামী তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর। ১৮৩১ সালের এই দিনে ব্রিটিশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লায় শহীদ হন তিনি। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তিনি সাহস, প্রতিরোধ ও সংগ্রামের প্রতীক হয়ে আছেন।

১৭৮২ সালের ২৭ জানুয়ারি (১৪ মাঘ ১১৮২ বঙ্গাব্দ) বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিতুমীর। তার বাবা সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রুকাইয়া খাতুন। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী তিতুমীর ১৮ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হন। আরবি ও ফারসি ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেন।

১৮২২ সালে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে তিনি ইসলামি সংস্কারক সৈয়দ আহমদ শহীদের সংস্পর্শে আসেন এবং তার চিন্তাধারায় অনুপ্রাণিত হন। ১৮২৭ সালে দেশে ফিরে তিতুমীর ব্রিটিশ শাসন, অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করতে শুরু করেন।

স্থানীয় জমিদারদের বৈষম্যমূলক কর আরোপ ও কৃষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে তার আন্দোলন ক্রমেই বিস্তৃত হয়। বিশেষ করে জমিদার কৃষ্ণদেব রায়ের আরোপ করা মুসলমানদের দাড়ির খাজনা ও মসজিদের করের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছায়।

ব্রিটিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় তিতুমীর ১৮৩১ সালের ২৩ অক্টোবর পশ্চিমবঙ্গের নারিকেলবাড়িয়া গ্রামে বাঁশ ও মাটি দিয়ে একটি দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এটি ‘বাঁশের কেল্লা’ নামে পরিচিত। এই কেল্লাকে কেন্দ্র করেই তিনি ব্রিটিশ শাসন ও জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

১৮৩১ সালের ১৪ নভেম্বর কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। অসম অস্ত্রশক্তির এই যুদ্ধে তিতুমীর ও তার অনুসারীরা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত পরাজিত হন। ১৯ নভেম্বর তিতুমীরসহ তার প্রায় ৪০ জন সহযোগী শহীদ হন। ব্রিটিশ বাহিনী বাঁশের কেল্লা গুঁড়িয়ে দেয়। তার বাহিনীর সেনাপতি গোলাম মাসুমকে পরে ফাঁসি দেওয়া হয়।

তিতুমীরের আন্দোলনকে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। কেউ একে ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে দেখেছেন, আবার অনেকের মতে, এটি ছিল ব্রিটিশ শাসন, অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের প্রতিরোধ আন্দোলন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে তার নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ করা হয়েছে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হল এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস তিতুমীর তার স্মৃতি বহন করছে। তার সম্মানে ১৯৯২ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ সরকার স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় ১১তম স্থান অর্জন করেন তিতুমীর।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: