• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কিংবদন্তি গায়ক সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১১:১৮, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কিংবদন্তি গায়ক সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

বাংলা গানের শ্রোতাদের কাছে এক আবেগের নাম সঞ্জীব চৌধুরী। ব্যতিক্রমী কণ্ঠ, গভীর জীবনবোধ ও নিজস্ব গায়কির মাধ্যমে তিনি বাংলা সংগীতে তৈরি করেছিলেন স্বতন্ত্র এক অবস্থান। গানের পাশাপাশি সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিল তার সরব উপস্থিতি। ২০০৭ সালের ১৯ নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তী গায়ক। আজ তার মৃত্যুবার্ষিকী।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। তার বাবা গোপাল চৌধুরী এবং মা প্রভাষিনী চৌধুরী। ছোটবেলা থেকেই পড়াশোনা ও সংস্কৃতিচর্চায় মেধার পরিচয় দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আশির দশকে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সঞ্জীব। দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। ফিচার লেখক হিসেবেও তার বিশেষ পরিচিতি ছিল। সাংবাদিকতার পাশাপাশি গান, কবিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখেন।

১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। ব্যান্ডটির মাধ্যমে বাংলা গানে নতুন মাত্রা যোগ করেন তারা। দলছুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)। এ ছাড়া তার একক অ্যালবাম ‘স্বপ্নবাজি’ও শ্রোতাদের কাছে পরিচিতি পায়।

সঞ্জীব চৌধুরীর কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘বায়োস্কোপ’, ‘রিকশা’, ‘হৃদয়ের দাবি’ ও ‘কথা বলব না’। বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি নাও বানাইছে’ গানেও তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন।

২০০৭ সালের ১৯ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিল্পী। মৃত্যুর পর গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিজের মরদেহ দান করেন তিনি।

শারীরিকভাবে না থাকলেও তার গান, কথা ও সৃষ্টিশীলতা আজও শ্রোতাদের মনে বেঁচে আছে। নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠেও নিয়মিত ফিরে আসে সঞ্জীব চৌধুরীর গান। বাংলা সংগীতের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন তার স্বতন্ত্র সৃষ্টির জন্য।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: