• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ: ইশরাক হোসেন

প্রকাশিত: ১৯:০১, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, সম্প্রতি কয়েকজন কর্মজীবী নারী তার সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের নিরাপত্তা ও অধিকার নিয়ে কী পরিস্থিতি তৈরি হতে পারে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে। গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি ছাত্রনেতাদের গুম ও হত্যার ঘটনাগুলোর কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যাতে জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিতে পারে। নির্বাচন সুষ্ঠু হলে যে দলই জয়ী হোক না কেন, প্রকৃত বিজয় হবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের।

নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণে প্ররোচিত হওয়া যাবে না। দেশব্যাপী বিএনপির বিপুল জনসমর্থন রয়েছে, এ জনসমর্থনকে কোনোভাবেই বিপথে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। এর মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং দলের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।

নারী সমাজের প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও দৃষ্টান্ত অনুসরণ করে বিএনপি নারী-পুরুষ নির্বিশেষে ধনী-গরিব, শিশু-বৃদ্ধ, যুবক ও ছাত্রসহ সকল নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করে যাবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ সাহেদ মন্টুসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: