বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার প্রকাশ করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসাবে এটিই তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমরা কাজ করেছি। প্রাথমিকভাবে ৩১ দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মসূচি নিয়েছি। সেই জনসম্পৃক্ততার আলোকে দল, অঙ্গ এবং সহযোগী সংগঠন সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ওপর ভিত্তি করে যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যার সমাধানের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার হবে।’
তিনি বলেন, ‘ইশতেহারে দলের শীর্ষ নেতৃত্ব থেকে উনাদের যে ভিশন রয়েছে তা যেমন প্রাধান্য দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে একদম সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে, তারা কী চাচ্ছেন তাও। আমাদের মূল লক্ষ্য এমনভাবে পরিকল্পনাগুলো সাজানো যেটি বাস্তবভিত্তিক হয়, যেটা টেকসই হয়।’
বিভি/এআই



মন্তব্য করুন: