কাপাসিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ৫ জন আহত
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি নির্বাচনী অফিস রয়েছে। জামায়াতে ইসলাম মিছিল শেষে তাদের অফিসের সামনে বক্তব্য দিচ্ছিলো। বিএনপি নেতাকর্মীরা একই সময় নির্বাচনী মিছিল ও সমাবেশ করছিলো। একপর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষেরই অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুইপক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।
গাজীপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান গণমাধ্যমকে বলেন, আমাদের নেতাকর্মী সমর্থকরা ঘাগুটিয়া নির্বাচনী অফিসে বসে কাজ করছিলো। এসময় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের অফিসে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের দুইজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে জানান, বিএনপি ও জামায়াতে ইসলামী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়।
বিভি/এআই



মন্তব্য করুন: