খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির ওয়াদুদ ভূঁইয়ার জয়
নানা ষড়যন্ত্র ও কূট কৌশল উপেক্ষা করে খাগড়াছড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ভূমিধস বিজয় হয়েছে। সাথে ৭ প্রার্থী জামানত হারিয়েছে।
শুরু থেকে খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে পরাজিত করতে পাহাড়ে আঞ্চলিক সশস্ত্রগুলোর পাশাপাশি একটি ক্রিয়াশীল সংগঠনের নানামুর্খী ষড়যন্ত্র ছিল। ১১ প্রার্থীর মধ্যে অধিকাংশ প্রার্থী একাট্টা ছিল যেকোনো মূল্যে ওয়াদুদ ভূঁইয়াকে পরাজিত করা। কিন্তু জনতার রায়ে সকল অপশক্তি পরাজিত হয়েছে।
রিটার্নিং অফিসারের ঘোষিত ফলাফলে দেখা গেছে, খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। বাংলাদেশ জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৮ হাজার ৫৮৫। আর বিএনপি থেকে বহিঃস্কৃত সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০।
এবার খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৭ প্রার্থী জামানত হারিয়েছেন।
জাতীয় পাটির (এ) মিথিলা রোয়াজা ১০২৪ ভোট, ইসলামী আন্দোলনের মো. কাউছার ৩০৮৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইমলাম ভোট ৬৮৩, গণঅধিকার পরিষদের দীনময় ত্রিপুরা ভোট ৭৫৫, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা ভোট ১৮৪, বাংলাদেশ মাইনরিটি পাটির উশ্যেপ্রু মারমা ১০৩০ ও দুর্নীতির অভিযোগে অপসারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ৯০৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: