• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ব্যালট বাক্সে হান্নান মাসউদের উদ্দেশে খোলা চিঠি, যা লেখা ছিল

প্রকাশিত: ০৪:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ব্যালট বাক্সে হান্নান মাসউদের উদ্দেশে খোলা চিঠি, যা লেখা ছিল

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় ব্যালট বাক্সে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের উদ্দেশে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

চিঠিতে প্রার্থীকে উদ্দেশ্য করে এলাকার উন্নয়ন, মানুষের কষ্ট, নিরাপত্তা, দুর্নীতি ও স্থানীয় নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভোটার নিজের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরে নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ওই ভোটার নিজেকে একজন গার্মেন্টস কর্মী হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, আমি কোনো দল বা সংগঠনের সঙ্গে জড়িত নই। গত ৩০ বছরে হাতিয়ায় অনেক নেতা দেখেছি, যাদের উন্নয়ন ছিল কাগজে-কলমে।

এছাড়াও নদীভাঙন রোধ, ভূমিহীনদের জমি হস্তান্তর, সীট্রাক ও টলার ভাড়া কমানোসহ নানা বিষয়ে হান্নান মাসউদের ভূমিকার কথা উল্লেখ করেন। ভোটার দাবি করেন, তিনি নিজের পরিবার ও আত্মীয়-স্বজন মিলিয়ে ২৩টি ভোট দিয়েছেন।

চিঠির শেষে ভোটার প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন, চিঠিটি যেন প্রার্থী হান্নান মাসউদের কাছে পৌঁছে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, চিঠিটি ব্যালট পেপারের সঙ্গে বা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি নজরে এলে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয় এবং মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

অনেকে বলছেন, ভোটারদের মাঝে প্রার্থীর প্রতি প্রত্যাশা ও হতাশা দুইই বেড়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি রাজনৈতিক আবেগ প্রকাশের একটি ব্যতিক্রমী ধরন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ব্যালট বাক্সে এ ধরনের চিঠি বা কাগজ ঢোকানো নির্বাচন বিধিমালার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনাটি কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সৃষ্টি করেনি।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ জানান, ব্যালট বক্সে মানুষ শুধু ভোটই দেয়নি, তাদের অনুভূতি ও প্রত্যাশাও ব্যক্ত করেছে। এটি আমার প্রতি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জনগণের অধিকার ও উন্নয়নের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 


 

বিভি/টিটি

মন্তব্য করুন: