ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই গৃহবধূর পাশে তারেক রহমান
স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার পর তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তাঁর তিন সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। তার পরামর্শে আমরা বিএনপি পরিবার পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন উদ্যোগ শুরু করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন এলাকায় জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে সংগঠনটির প্রতিনিধিরা সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, বেলাল আহমেদ, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতারা। দলীয় সূত্র জানায়, ভুক্তভোগীর হাতে তাৎক্ষণিক নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক খরচ বহন এবং নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অভিযোগ অনুযায়ী, জহুরার স্বামী ইসমাইল হোসেন কাওসার স্ত্রীকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। তবে প্রথমবারের ভোটার হওয়ায় জহুরা সন্তানদের নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। পরে বিষয়টি জানতে পেরে কাওসার ক্ষিপ্ত হয়ে মৌখিকভাবে তালাক দেন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা কাওসারকে আটক করেন। পরে তালাক প্রত্যাহারের আশ্বাস দিয়ে তিনি সরে যান বলে অভিযোগ রয়েছে।
কাওসারের মা শরীফা খাতুন বলেন, তার ছেলে অন্যায় করেছে এবং ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
স্থানীয়দের সহযোগিতায় জহুরা বর্তমানে তিন সন্তান নিয়ে অবস্থান করছেন। তালাক শরিয়তসম্মত হয়েছে কি না, তা যাচাই প্রক্রিয়াধীন বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করা উচিত।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: