বিএনপিপন্থী মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা, অনুষ্ঠান পণ্ড
বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে বজলার রশিদ সনুসহ কয়েকজন তাকে বাধা দেন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেওয়া নিয়ে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে, সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। এ সময় উপস্থিতদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলার সুযোগ পাইনি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও তরিকুল ইসলামসহ কয়েকজন আমাকে বাধা দেন। আমি বিএনপি-প্রন্থী হওয়ায় আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।
অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা ঠিক ছিল। জুবায়ের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান শেষ হয়ে যায়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়।



মন্তব্য করুন: