যতদিন পৃথিবী থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান করবে বিএনপি: এমপি আমান
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের বিএনপি সম্মান করবে। মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এ দেশে সশস্ত্র সংগ্রাম শুরু হয়। তিনি যুদ্ধকালীন একজন সেক্টর কমান্ডারও ছিলেন। দেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।
তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই সেগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। ‘বিএনপি যা বলে, তা করে’ বলেও মন্তব্যও করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: