• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

৬ বিএনপি সমর্থককে কুপিয়ে জখম করলো ছাত্রলীগের কর্মীরা, আটক ২

ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর

প্রকাশিত: ২২:২৮, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ২২:৩০, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৬ বিএনপি সমর্থককে কুপিয়ে জখম করলো ছাত্রলীগের কর্মীরা, আটক ২

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শাওন হাওলাদার ও মালেক খানের দু’পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ঈদ এলেই দু’পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটত। তবে ৫ আগস্টের পর শাওন ও তার লোকজন এলাকায় ছিলেন না। এ ঈদে তারা এলাকায় ফিরে আসেন এবং সম্প্রতি বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ কয়েকজনকে শাওনের বাড়িতে ডেকে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, মীমাংসার বৈঠকের কথা বলে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় শাওন ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাদের ফেলে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও এলাকায় অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত