ওয়াদা ভঙ্গের ইতিহাস বিএনপির নাই: এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভুলে যায় নাই, অস্বীকারও করছে না। শুধু নির্বাচন পূর্ব নয়, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে, এমনকি প্রতিষ্ঠার পর থেকে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। ওয়াদা ভঙ্গের ইতিহাস বিএনপির নাই।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের যৌথ সভায় বক্তব্যে বিএনপির বিরুদ্ধে নির্বাচনপূর্ব দেয়া ওয়াদা ভুলে যাবার অভিযোগ করে বিরোধী দলের নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, জনগনকে দেওয়া বিএনপির ওয়াদা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, আগে তাদের নিজেদের দ্বৈতনীতি জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি, অন্যদিকে সেই সনদ বাস্তবায়নে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ না নেওয়া—এ কেমন রাজনীতি?’
বিরোধী দলের আন্দোলন ও দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলের কাছে আমার সহজ প্রশ্ন—আপনাদের দাবিটা আসলে কত দফা? কিছুদিন আগে ছিল ৬ দফা, গতকাল শুনলাম ৭ দফা, আজ ৮ দফার কথা বলা হচ্ছে; আবার বলছেন, শেষ পর্যন্ত এক দফায় যাবেন। জনগণ তাহলে বুঝবে কী—দাবি নিয়ে আন্দোলন, নাকি আন্দোলনের জন্য দাবি?’
তিনি বলেন, ‘প্রতিদিন দফা বাড়ানো-কমানো বিরোধী দলের রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করেছে। বিরোধী দল আসলে নিজেদের অগ্রাধিকার স্থির করতে ব্যর্থ হচ্ছে।
এছাড়াও তিনি আজ হালুয়াঘাটের দড়িনগুয়া ইট খোলা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেনায় গ্রাম থেকে শহর—সর্বত্র মাঠে মাঠে খেলাধুলার উৎসব শুরু হয়েছে। মাদক, জুয়া ও নানা অনৈতিকতার বিষাক্ত ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের বিস্তার ঘটিয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: