ছাত্রদলের এক জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক স্বপন সেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের কর্মকাণ্ড আরও চাঙা করতে শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে।
সাংগঠনিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ১৯ সদস্যের সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান কমিটির অনুমোদন দেন। এতে জুনায়েদ হোসেন সবুজকে সভাপতি এবং সেরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক করা হয়।
এরপর ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ওই কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটিতে ৮৮ জনকে সহসভাপতি, ৬৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ জনকে সহসাধারণ সম্পাদক, ৫৪ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৯৪ জনকে সদস্য করা হয়েছিল।
বিভি/টিটি













মন্তব্য করুন: