• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চোরাই মোটরসাইকেল-কাণ্ডে সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার 

প্রকাশিত: ২৩:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চোরাই মোটরসাইকেল-কাণ্ডে সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার 

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার হওয়ার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে জামালপুরের যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জামালপুর জেলা যুবদলের সহদফতর সম্পাদক মেহেদী হাসান ইলির সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন দুপুরে রবিউল হাসান সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী বিভিন্ন অনাচারের বিষয়ে সুস্পষ্ট অভিযোগ থাকায় সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব ও সদস্যসচিব সোহেল রানা খানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত রবিউল হাসান সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান রবিউল হাসান সোহাগের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অপরাধের দায় তার নিজের। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

এর আগে শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ডিবি সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার রশিদপুর-পাকুল্লা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্যরা পুলিশকে জানান, চুরি করা মোটরসাইকেল বিক্রির মূল দায়িত্বে ছিলেন সোহাগ। ডিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত এবং একটি চোরচক্র পরিচালনা করে আসছিলেন।

পরে শনিবার রাতেই সোহাগের মাধ্যমে বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত