হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
বগুড়ার শিবগঞ্জে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। অথচ এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই। এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে একটি বিষয় তাদের মনে রাখতে হবে—এ দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।
বিএনপির রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই আজ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই বিএনপিকে পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে আয়োজিত বিশাল মশাল মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। পরে সমাবেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হন।
সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা চত্বর জনসমুদ্রে পরিণত হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: