ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য করতে প্রতিমন্ত্রী ইশরাকের দীর্ঘমেয়াদি পরিকল্পনা
ঢাকা-৬ নির্বাচনী এলাকার ১১টি ওয়ার্ডের দীর্ঘদিনের নাগরিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমস্যা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রধান উপদেষ্টা কাজী আবুল বাশার।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি প্রতিবেদনটি জমা দেন।
প্রতিবেদনে ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ১১টি ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বিদ্যুৎ সরবরাহসহ জনসাধারণের দৈনন্দিন জীবনের বিভিন্ন সংকটের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন হস্তান্তরের সময় কাজী আবুল বাশার ঢাকা-৬ আসনের মানুষের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ লাঘব এবং জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান।
এদিকে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি ঢাকা-৬ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যার স্থায়ী সমাধান এবং এলাকাটিকে একটি সম্পূর্ণ বাসযোগ্য ও আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার জন্য তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন।
ইশরাক হোসেন জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী এলাকার ১১টি ওয়ার্ডের প্রধান প্রধান সমস্যা নিখুঁতভাবে চিহ্নিত করে একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী সমস্যাগুলোর সমাধানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
তিনি বলেন, ঢাকা-৬ আসনের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গ্যাস, পানি, বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: