• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আ. লীগ নেতাকে প্রত্যয়ন, বিএনপির ২ নেতার পদ স্থগিত

মানিকগঞ্জ প্রতিনিধি  

প্রকাশিত: ১৮:৫৯, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আ. লীগ নেতাকে প্রত্যয়ন, বিএনপির ২ নেতার পদ স্থগিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির মুখপাত্র ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ. ফ. ম নূরতাজ আলম বাহার স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক, নীতিবিবর্জিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে আব্দুল হামিদ ও মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্ট পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

এ বিষয়ে বক্তব্য জানতে বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা বিএনপির মুখপাত্র অ্যাডভোকেট আ. ফ. ম নূরতাজ আলম বাহার বলেন, যারা দলীয় শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে এবং আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আঁতাত করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজ যাদের পদ স্থগিত করা হয়েছে, এটি তারই উদাহরণ।

এদিকে একই ঘটনায় বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান মল্লিককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ২ অক্টোবর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফরিদ হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চাওয়া হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়।

আব্দুল মান্নান মল্লিক বলেন, আমাকে হোয়াটসঅ্যাপে শোকজের নোটিশ দেওয়া হয়েছিল। আমিও হোয়াটসঅ্যাপে জবাবের একটি খসড়া পাঠিয়েছি। আগামীকাল উপজেলা আহ্বায়ক কমিটির কাছে সরাসরি জবাবের কপি জমা দেবো।

উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা দাবি করেন, আব্দুল মান্নান মল্লিক শোকজের জবাব সরাসরি জমা দিয়েছেন। তবে আব্দুল মান্নান মল্লিক সরাসরি জবাব জমা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন—এ কথা জানানো হলে আমীর হামজা বলেন, ‘এতে সমস্যা কী?’ এরপর শোকজের জবাবের কপি চাইলে জেলার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানাবেন বলে তিনি জানান।

জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, আব্দুল মান্নান নিয়ম অনুযায়ী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির কাছে শোকজের জবাব দিয়েছেন এবং উপজেলা কমিটি বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছে। তবে তাঁর দেওয়া জবাবে জেলা কমিটি সন্তুষ্ট নয়। আগামীকাল সকালে তার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ঘটনার সূত্রপাত গত ২২ সেপ্টেম্বর। ওই দিন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এরপর ২৩ সেপ্টেম্বর তাকে কারাগার থেকে মুক্ত করতে সাটুরিয়া উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সংগঠনের প্যাডে নিজেকে সভাপতি উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র দেন। সেখানে রুহুল আমিন রুবেলকে বিএনপির ‘সংগ্রামী সদস্য’ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহযোগিতাকারী হিসেবে উল্লেখ করা হয়।

পরদিন ২৪ সেপ্টেম্বর বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান যৌথভাবে আরেকটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন। ওই প্রত্যয়নপত্রেও রুবেলকে বিএনপির সক্রিয় কর্মী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহচর হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনার পর দলীয়ভাবে তদন্ত ও সাংগঠনিক পদক্ষেপের অংশ হিসেবে বিএনপির দুই নেতার পদ স্থগিত এবং যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত