সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজি দেখিয়ে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না করলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মোড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রথম পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজি দেখিয়ে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় জনগণই সরকারকে লাল কার্ড দেখাবে।
তিনি বলেন, জনগণের অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। জনগণই তাদের অধিকার আদায়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুর রবের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল আহমদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চের প্রথম পথসভা ছিল এটি।
বিভি/এসজি













মন্তব্য করুন: