সরকারের সংবিধান সংস্কার পদ্ধতি অবৈধ: মিয়া গোলাম পরওয়ার
সরকার সংবিধান সংস্কারের জন্য যে পদ্ধতি অবলম্বন করছে, তা অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণ এই অবৈধ পদ্ধতিকে লাল কার্ড দেখিয়েছে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিয়েই সংবিধান সংস্কার করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মোড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চের প্রথম পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার সংবিধান সংস্কারের নামে যে পদ্ধতি অনুসরণ করছে, তা অবৈধ। জনগণ ইতোমধ্যে এই অবৈধ পন্থাকে লাল কার্ড দেখিয়েছে। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার যদি নিজেদের মতো করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেয়, তাহলে জনগণ এর জবাব দেবে।
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। এ ছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী ১১ দলীয় জোটের ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চের প্রথম পথসভা অনুষ্ঠিত হয় নাওডোবায়।
বিভি/এসজি













মন্তব্য করুন: