সুখবর পেলেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর আবেদন বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদে পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সিদ্ধান্তে এ আদেশ কার্যকর হয়।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল জলিলকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়।
পুনর্বহালের প্রতিক্রিয়ায় আব্দুল জলিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এমপিপুত্র খাইরুল ইসলাম সজিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দলের কাছে করা আবেদন বিবেচনা করে পুনরায় দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। সংশ্লিষ্ট নেতাদের সহযোগিতা ও অভিভাবকত্বেই দলে ফেরার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
আব্দুল জলিল আরও বলেন, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: