হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠি পাঠানো কে এই স্টিভেন পাওলস কেসি?
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পৌঁছায়। তাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসির নামে, যিনি নিজেকে হাসিনার আইনি পরামর্শক হিসেবে পরিচয় দিয়েছেন।
নামটি অবশ্য নতুন নয়। গত ১৫ মাসে অন্তত চারবার তিনি আন্তর্জাতিক ফোরামে হাসিনার পক্ষে আবেদন করেছেন। এর মধ্যে হলো-আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারের বিরুদ্ধে এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে।
কিন্তু প্রশ্ন হলো- কে এই আইনজীবী? কবে থেকে, কোন প্রতিষ্ঠান থেকে তিনি এ কাজ করছেন? তাকে কে নিয়োগ দিয়েছেন? প্রকাশ্য নথি ও সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদনে সেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।
কে এই স্টিভেন পাওলস কেসি?
স্টিভেন পাওলস যুক্তরাজ্যের একজন ব্যারিস্টার। ১৯৯৭ সালে বারে যোগ দেন এবং ২০১৯ সালে কিংস কাউন্সেল (কেসি) মর্যাদা পান। তার মূল বিশেষজ্ঞতা আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার।
বর্তমান লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সে কর্মরত থাকলেও পূর্ববর্তী চেম্বার্স ছিল ডাউটি স্ট্রিট চেম্বার্স (অন্তত নভেম্বর ২০২৫ পর্যন্ত)। আন্তর্জাতিক ও দেশীয় ফৌজদারি আইন, প্রত্যর্পণ, মানবাধিকার, নিষেধাজ্ঞা, আর্থিক অপরাধ বিষয়ে তিনি বিশেষজ্ঞ।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়া-বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইসিটিওয়াই), সিয়েরা লিওনের বিশেষ আদালতে কাজ করেছেন।
তার উল্লেখযোগ্য রাজনৈতিক মক্কেলের মধ্যে রয়েছেন-লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর; কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে; ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি।
সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতি ও অর্থপাচার মামলায় (২০২০-২২) প্রসিকিউশনের কাজ করেছেন তিনি।
এছাড়া হারিরি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ কমিশনের পরামর্শক; International Criminal Practice বইয়ের সহলেখক ছিলেন।
তার পেশাগত প্রোফাইলে বাংলাদেশের কোনো উল্লেখ নেই। দক্ষিণ এশিয়া-সংশ্লিষ্ট একমাত্র উল্লেখ ভারতের একটি প্রত্যর্পণ মামলা (Chawla v Government of India)। সাবেক রাষ্ট্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষে আন্তর্জাতিক ফোরামে কাজ করা তার পেশাগত ধারার অংশ।
হাসিনার পক্ষে কবে থেকে, কী কী করেছেন?
প্রকাশ্য নথি অনুযায়ী, হাসিনার পক্ষে পাওলসের কাজ শুরু ২০২৫ সালের আগস্টে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার তিন মাস পর। এখন পর্যন্ত পাঁচটি উদ্যোগের খোঁজ মিলেছে।
৮ আগস্ট ২০২৫
"আওয়ামী লীগের সভাপতি" শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ র্যাপোর্টিয়ারে জরুরি আবেদন করেন ডাউটি স্ট্রিট চেম্বার্স থেকে। স্টিভেন পাওলস কেসির সাথে আইনজীবী ছিলেন অ্যালেক্স টিনসলি।
১০ নভেম্বর ২০২৫
আইসিটিতে হাসিনার অনুপস্থিতিতে বিচারের ন্যায্যতা নিয়ে বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা এবং বিচারবহির্ভূত হত্যা-বিষয়ক র্যাপোর্টিয়ারে জরুরি আবেদন। ডাউটি স্ট্রিট চেম্বারে এবার স্টিভেন পাওলস কেসির সাথে ছিলেন তাতিয়ানা ইটওয়েল।
২৮ সেপ্টেম্বর ২০২৬
আইপিইউ, জেনেভাতে বিচার, মৃত্যুদণ্ড, দল নিষিদ্ধকরণ ও শতাধিক সাবেক এমপির আটক নিয়ে অভিযোগ করেন। এবার ডাউটি স্ট্রিট নয়, ম্যাট্রিক্স চেম্বার থেকে স্টিভেন পাওলস কেসি একাই ছিলেন।
২৭ অক্টোবর ২০২৬
জাতিসংঘের দুই র্যাপোর্টিয়ার ও এক স্বাধীন বিশেষজ্ঞের কাছে বিএনপি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বহাল রাখার বিরুদ্ধে আবেদন এবং ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা হয়েছে। ম্যাট্রিক্স চেম্বারে এবারও আইনজীবী হিসেবে স্টিভেন পাওলস কেসি একা ছিলেন।
সর্বশেষ ৯ নভেম্বর ২০২৬
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির পাওয়ার যোগ্যতা চেয়ে অনুরোধ করেন এই আইনজীবী।
প্রথম দুটি আবেদন ছিল আইসিটির রায়ের আগে। ১০ নভেম্বরের আবেদনে আগাম সতর্ক করা হয়েছিল, এমন বিচারে মৃত্যুদণ্ড হলে তা জীবনের অধিকার লঙ্ঘন হবে। সাত দিন পর, ১৭ নভেম্বর ২০২৫, আইসিটি হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। পরের তিনটি উদ্যোগ সেই রায়ের পরের।
ডাউটি স্ট্রিট থেকে ম্যাট্রিক্স: চেম্বার্স বদলালেও মক্কেল একই
২০২৫ সালের দুটি আবেদন প্রকাশিত হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে, আর ২০২৬ সালের দুটি ম্যাট্রিক্স চেম্বার্সের ওয়েবসাইটে। দুই জায়গাতেই মূল আইনজীবী পাওলস, আর যুক্তিগুলোও প্রায় অভিন্ন: দল নিষিদ্ধকরণ ও বিচার আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (আইসিসিপিআর) ১৯, ২১, ২২ ও ২৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।
এর ব্যাখ্যা যুক্তরাজ্যের বার ব্যবস্থায়। সেখানে চেম্বার্স কোনো ল ফার্ম নয়, বরং স্বনিয়োজিত ব্যারিস্টারদের একটি সমষ্টি, যারা অফিস ও প্রশাসনিক খরচ ভাগ করেন। মক্কেলের সম্পর্ক থাকে নির্দিষ্ট ব্যারিস্টারের সঙ্গে। ফলে ব্যারিস্টার চেম্বার্স বদলালে মক্কেলও সাধারণত তার সঙ্গে যান।
পাওলস কবে ডাউটি স্ট্রিট ছেড়ে ম্যাট্রিক্সে গেছেন, তার প্রকাশ্য ঘোষণা পাওয়া যায়নি। সময়টি নভেম্বর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে। ২০২৫ সালে তার সহকারী ছিলেন ডাউটি স্ট্রিটের অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েল; ২০২৬ সালের ম্যাট্রিক্সের নথিতে পাওলস ছাড়া অন্য কোনো আইনজীবীর নাম নেই।
সুতরাং আওয়ামী লীগ বা হাসিনার সঙ্গে সম্পর্কটি ম্যাট্রিক্স চেম্বার্সের প্রাতিষ্ঠানিক সম্পর্ক নয়, বরং ব্যারিস্টার পাওলসের সঙ্গে মক্কেলের সম্পর্ক।
ম্যাট্রিক্স চেম্বার্স কী ধরনের প্রতিষ্ঠান?
ম্যাট্রিক্স চেম্বার্স ২০০০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত একটি ব্যারিস্টার চেম্বার্স। কার্যালয় লন্ডনের গ্রেজ ইন, জেনেভা ও ব্রাসেলসে। অন্যান্য ব্যারিস্টার চেম্বার্সের মতোই এর সদস্যরা স্বনিয়োজিত এবং বার স্ট্যান্ডার্ডস বোর্ডের নিয়ন্ত্রণাধীন।
মানবাধিকার, সাংবিধানিক ও জনআইন, ফৌজদারি ও প্রত্যর্পণ আইনে যুক্তরাজ্যের অন্যতম পরিচিত চেম্বার্স। এর প্রতিষ্ঠাতা ও সাবেক সদস্য: চেরি ব্লেয়ার (২০১৪ সালে ছেড়ে যান), রবিন্দর সিং, বেন এমারসন প্রমুখ। পরে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল হওয়া লর্ড হারমারও এখানকার সদস্য ছিলেন।
হাসিনার মামলার বাইরে চেম্বার্সের ওয়েবসাইটে একটি মামলা পাওয়া গেছে: Begum v Maran। এটি চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে এক শ্রমিকের মৃত্যুতে তার স্ত্রীর দায়ের করা মামলা। তবে এটি কোনো রাজনৈতিক মামলা নয়।
এদিকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ বিচার: ২০১০-পরবর্তী আইসিটি বিচারে ম্যাট্রিক্সের কোনো সদস্যের কোনো পক্ষে সম্পৃক্ততার প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি।
৯ নভেম্বরের চিঠিতে কী আছে?
দেশের গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চিঠির মূল বিষয়গুলো:
* প্রেরক: স্টিভেন পাওলস কেসি, ম্যাট্রিক্স চেম্বার্স; নিজেকে হাসিনার আইনি পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন।
* প্রাপক: প্রীতি রহমান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার।
* মাধ্যম: ই-মেইল। হাইকমিশন তা পাওয়ার কথা নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
* অনুরোধ: অন্তর্বর্তী সরকার হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে উল্লেখ করে নতুন করে ইস্যুর অনুরোধ।
* যুক্তি: বাংলাদেশি নাগরিকত্ব, বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতা।
* প্রক্রিয়া: আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র জানাতে বলা হয়েছে।
এপি প্রাথমিকভাবে লিখেছিল, চিঠিটি লন্ডনে বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে পাঠানো হয়েছে। তবে দিল্লি হাইকমিশন ই-মেইল পাওয়ার কথা নিশ্চিত করায় রয়টার্সের বর্ণনাই সমর্থন পেয়েছে।
কে নিয়োগ দিয়েছেন, কে অর্থ দিচ্ছেন?
প্রকাশ্য কোনো নথিতে এর উত্তর নেই।
* নির্দেশদাতা সলিসিটর: যুক্তরাজ্যে সাধারণত একটি সলিসিটর ফার্ম ব্যারিস্টারকে নিয়োগ দেয়, তবে কিছু ক্ষেত্রে সরাসরি নিয়োগও সম্ভব। ডাউটি স্ট্রিট বা ম্যাট্রিক্সের কোনো প্রকাশিত নথিতে সলিসিটরের নাম নেই।
* অর্থায়ন: কোনো নথি বা সংবাদে ফি বা অর্থের উৎস উল্লেখ নেই।
* হাইকমিশনের প্রশ্ন: দিল্লি হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রতিষ্ঠানটিকে হাসিনা নিজে নিয়োগ দিয়েছেন নাকি আওয়ামী লীগ, তা নিশ্চিত হওয়া দরকার। হাসিনা বা তার নিকটাত্মীয়ের স্বাক্ষরিত চিঠি পেলে তা বিবেচনায় নেওয়া হবে। হাসিনা দিল্লিতে থাকলেও চিঠি কেন লন্ডন থেকে এল, সে প্রশ্নও তোলা হয়েছে।
* অনুমোদনের প্রমাণ: কূটনৈতিক সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, ই-মেইলে হাসিনার কোনো অনুমোদনপত্র সংযুক্ত ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনুরোধের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
২০২৫ সালে ডাউটি স্ট্রিটকে নিয়োগ নিয়ে "আওয়ামী লীগ মহলে আলোচনা" ছিল বলে ঢাকা কুরিয়ার লিখেছিল, তবে অর্থদাতা কে, সে বিষয়ে কিছু বলেনি।
আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সংযোগ আছে কি?
দলীয় পদধারী বা নেতা-কর্মী: ম্যাট্রিক্সের সদস্য তালিকা, উইকিপিডিয়া ও সংশ্লিষ্ট সংবাদে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী বা দলীয়ভাবে যুক্ত কারও উল্লেখ পাওয়া যায়নি।
ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক: পাওলসের সঙ্গে আওয়ামী লীগ বা হাসিনা পরিবারের কোনো ব্যক্তিগত, পারিবারিক বা রাজনৈতিক সম্পর্কের প্রকাশ্য তথ্য নেই। সম্পর্কটি আইনজীবী-মক্কেলের।
বাংলাদেশি আইনজীবী: হাসিনার পক্ষে প্রকাশিত নথিগুলোতে তিনজন আইনজীবীর নাম আছে: স্টিভেন পাওলস, অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েল। তাদের কারও বাংলাদেশি পরিচয় বা বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত সংযোগের উল্লেখ নেই। শেষ দুজন ডাউটি স্ট্রিটের সদস্য।
মক্কেল হিসেবে কে?
প্রতিটি নথিতে মক্কেল শেখ হাসিনা ব্যক্তিগতভাবে। ২০২৫ সালের একটি নথিতে তাকে "আওয়ামী লীগের সভাপতি" হিসেবে পরিচয় দেওয়া হয়েছে; ম্যাট্রিক্সের নথিতে কেবল "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী"।
ম্যাট্রিক্সের ১০০-এর বেশি সদস্যের প্রতিটি প্রোফাইল আলাদাভাবে খতিয়ে দেখা হয়নি। নাম দেখে কারও জাতিগত পরিচয় বা রাজনৈতিক আনুগত্য অনুমান করাও সংগত নয়।
সরকার ও সমালোচকেরা কী বলছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন এ অনুরোধটিকে "হাস্যকর" বলেছেন এবং জানিয়েছেন, হাসিনাকে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
অনুরোধের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আইসিটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর হলেন মো. আমিনুল ইসলাম এটিকে "রাজনৈতিক স্টান্ট" বলে মন্তব্য করেছেন।
এদিকে বাংলাদেশের নিয়মিত ই-পাসপোর্ট প্রক্রিয়ায় আবেদনকারীকে নিজে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়। এরপর দেশের পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।
রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষে এ ধরনের কোনো আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কথা উল্লেখ নেই। এ কারণে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদনও বলা যাচ্ছে না।
বিভি/টিটি













মন্তব্য করুন: