• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মঞ্জু

প্রকাশিত: ১৯:০০, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মঞ্জু

বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেডলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। কিন্তু মানুষ হত্যা ও সন্ত্রাস করে কখনো রাজনৈতিকভাবে কিছু অর্জন করা সম্ভব নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবি পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি। শেখ হাসিনা আজ সন্ত্রাস ও আতঙ্ক ছাড়া আর কিছু নন। ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে তাঁদের ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না; বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।

সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো কি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার জবাব দিতে হবে। সরকার যদি মনে করে তারা পরিস্থিতি মোকাবিলায় একা সক্ষম নয়, তবে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তি প্রতিহত করা হবে বলে জানান তিনি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

বিভি/বিএস/টিটি

মন্তব্য করুন: