• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শরীয়তপুরে আ.লীগের সকল কার্যক্রম প্রতিহতের ঘোষণা যুবদলের

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শরীয়তপুরে আ.লীগের সকল কার্যক্রম প্রতিহতের ঘোষণা যুবদলের

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা যুবদল। এ সময় আওয়ামী লীগকে বাকশালি আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের ভবিষ্যতের সব ধরনের কার্যক্রম প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের উত্তরমাথা থেকে বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী বটতলা এলাকায় এসে শেষ হয়।

জানা যায়, আগামী ১৯ নভেম্বর সারাদেশে সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগ। এর প্রতিবাদে শরীয়তপুরে মোটরসাইকেলে শোডাউন করে বিক্ষোভ মিছিল করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। শোডাউনে অন্তত এক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের উদ্দেশে নানা ধরনের স্লোগান দেন। শেষে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সহসভাপতি লিয়াকত খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, আওয়ামী লীগ পালিয়ে গিয়ে ভারতে বসে এ দেশের শান্তি নষ্ট করতে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা আগামী ১৯ তারিখে লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই, শরীয়তপুরের মাটিতে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেব।

সমাবেশে জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, বাংলাদেশের একটি স্বৈরাচারী সরকার গণমানুষের অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তারা ভারতে বসে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা একটি জুজুর ভয় দেখাচ্ছে, তারা ডিসেম্বরে আসবে। আমাদের সরকার, বাংলাদেশের সরকার প্রথমেই তাকে ফেরাতে ভারতের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইতোমধ্যে বাংলাদেশ সরকার সব ব্যবস্থা সম্পন্ন করেছে। আমরা চাই, তিনি আসবেন। বাংলাদেশের যে আইনব্যবস্থা আছে, সেটি তার জন্য প্রযোজ্য হবে। কিন্তু তারা ডিসেম্বরে আসবে- সেই জুজুর ভয় দেখিয়ে দেশে হামলা ও অগ্নিসংযোগ করছে, রাতের অন্ধকারে মানুষকে পুড়িয়ে মারছে। আমরা এ ধরনের কার্যক্রম বরদাশত করব না। আগামীতে আওয়ামী বাকশালিদের সব কার্যক্রম প্রতিহত করতে হবে।

বিভি/শরীয়তপুর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত